ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রোনালদো কি তবে ইতিহাস গড়তেই যাচ্ছেন? ফিফার স্থগিত নিষেধাজ্ঞায় খুলে গেল ষষ্ঠ বিশ্বকাপের দরজা!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৫, ০৮:১১ পিএম

রোনালদো কি তবে ইতিহাস গড়তেই যাচ্ছেন? ফিফার স্থগিত নিষেধাজ্ঞায় খুলে গেল ষষ্ঠ বিশ্বকাপের দরজা!

পর্তুগাল ইতোমধ্যেই নিশ্চিত করেছে আগামী বছরের বিশ্বকাপের টিকিট। আর এর সঙ্গে খুলে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য ইতিহাস গড়ার পথ—রেকর্ড ষষ্ঠবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। তবে এর মাঝেই রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়া লাল কার্ড তাকে টুর্নামেন্টের শুরু থেকেই মাঠের বাইরে ফেলে দিতে পারত। ‘সহিংস আচরণ’ ও ‘গুরুতর ফাউল প্লে’র অভিযোগে তার ওপর শাস্তির ঝুঁকিও তৈরি হয়েছিল।

ফিফার শাস্তিমূলক কমিটি মঙ্গলবার, ২৫ নভেম্বর দেওয়া রায়ের মাধ্যমে রোনালদোর ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা ঘোষণা করে। তবে সুখবর হলো—এই তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচের শাস্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী এক বছরে তিনি একই ধরনের কোনও অপরাধ করলে সেই স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এদিকে নিষেধাজ্ঞার একটি ম্যাচ রোনালদো ইতোমধ্যেই পার করে ফেলেছেন। আর্মেনিয়ার বিপক্ষে ৯-১ গোলের দুর্দান্ত জয়ে যেই ম্যাচে পর্তুগাল বিশ্বকাপ নিশ্চিত করে, সেই ম্যাচে খেলেননি তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে কনুই দিয়ে প্রতিপক্ষকে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখতে হয় পর্তুগিজ তারকাকে। নিয়ম অনুযায়ী এমন ঘটনায় কমপক্ষে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়ার বিধান রয়েছে। তবে আন্তর্জাতিক ফুটবলে ২২৬টি ম্যাচ খেলা রোনালদোর ক্যারিয়ারে এটিই প্রথম লাল কার্ড—এ কারণেই ফিফা সিদ্ধান্তে বাড়তি নমনীয়তা দেখিয়েছে।