এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫, ০৪:১১ পিএম
তিন ম্যাচের নিষেধাজ্ঞার শেষ দুই ম্যাচ স্থগিত করায় কোনো বাধা থাকছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপের শুরু থেকেই মাঠে নামতে। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২–০ গোলে হারের দিনে ডিফেন্ডার ডারা ও’শেকে কনুই মারায় সরাসরি লাল কার্ড দেখেছিলেন রোনালদো। ফলে আর্মেনিয়ার বিপক্ষে শেষ বাছাই ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে পর্তুগাল তাদের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই প্রতিপক্ষকে ৯–১ ব্যবধানে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে।
ফিফা তাদের বিবৃতিতে জানায়, ঐ ঘটনার জন্য রোনালদোকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। তবে শৃঙ্খলাবিষয়ক আইনের ২৭ নম্বর ধারায় বাকি দুই ম্যাচের শাস্তি এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
এই সময়ের মধ্যে রোনালদো যদি একই ধরনের কোনো অপরাধে জড়ান, তাহলে স্থগিতাদেশ সঙ্গে সঙ্গে বাতিল হবে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর করা হবে—বলে জানায় ফিফা।
তবে ২৭ নম্বর ধারা উল্লেখ করা ছাড়াও, কেন নিষেধাজ্ঞা স্থগিত করা হলো—তা স্পষ্ট করেনি সংস্থাটি। এ বিষয়ে রয়টার্স ফিফার সঙ্গে যোগাযোগ করেছে।
পর্তুগালের হয়ে ২২৬ ম্যাচের দারুণ আন্তর্জাতিক ক্যারিয়ারে সেটিই ছিল রোনালদোর প্রথম লাল কার্ড। জাতীয় দলের হয়ে তিনি ২০১৬ সালের ইউরো এবং দুটি নেশন্স লিগ শিরোপা জিতেছেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলও তার দখলে।
আগামী বছর জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর, ওয়াশিংটন ডিসিতে।