এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম
ক্রীড়া ডেস্ক: ইনজুরি যেন পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক ও তারকা পেসার প্যাট কামিন্সের। অ্যাশেজের প্রথম টেস্ট মিস করার পর, সবার আশা ছিল ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে হয়তো তিনি ফিরবেন। কিন্তু না, সেই লড়াইয়েও হার মানতে হলো ডানহাতি এই পেসারকে। নিয়মিত অধিনায়ককে ছাড়াই ব্রিসবেন টেস্টের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে পার্থে সিরিজের প্রথম টেস্টে যে দল জিতেছিল, স্বাগতিকরা সেই দলে কোনো পরিবর্তন আনেনি।
শুক্রবার সিডনিতে হালকা বোলিং অনুশীলন করেছেন কামিন্স। সেখানে তিনি তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া স্টিভ স্মিথকে বল করেন। জানা গেছে, পার্থের মতো ব্রিসবেনেও দলের সঙ্গে থাকবেন তিনি। ৩২ বছর বয়সী এই পেসার আগামী সোমবার আবারও বোলিং অনুশীলন করবেন বলে কথা রয়েছে।
ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, কামিন্সকে দলে নেওয়ার সুযোগ থাকলেও নির্বাচকরা মনে করছেন, তাঁর আরও কিছুটা প্রস্তুতির প্রয়োজন। ফলে ধারণা করা হচ্ছে, আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেইডে হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্ট (ডে-নাইট) দিয়েই মাঠে ফিরতে পারেন অস্ট্রেলিয়ার নিয়মিত ক্যাপ্টেন।
পার্থে প্রথম টেস্টে পিঠের সমস্যার কারণে তেমন কোনো প্রভাব ফেলতে না পারা উসমান খাজা দলে তাঁর জায়গা ধরে রেখেছেন। তিনি দুই ইনিংসের কোনোটিতেই ওপেনিংয়ে নামতে পারেননি। তার বদলে দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নেমে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন ট্র্যাভিস হেড। এই পারফরম্যান্সের পর অনেক সাবেক ক্রিকেটার মত দিয়েছেন যে, ট্র্যাভিস হেডকেই স্থায়ীভাবে ওপেনিংয়ে পাঠানো হোক।
আগামী বৃহস্পতিবার ব্রিসবেনে শুরু হবে এবারের অ্যাশেজের সিরিজের একমাত্র দিবা-রাত্রির টেস্টটি।
স্টিভেন স্মিথ অধিনায়ক) শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডান ডগেট, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জেইক ওয়েদারল্ড, বোউ ওয়েবস্টার।