ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

স্টকটন শহরে বন্দুক হামলার বীভৎসতা: নিহতদের মধ্যে শিশুও, জড়িতদের খুঁজছে এফবিআই!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৫, ০১:১১ পিএম

স্টকটন শহরে বন্দুক হামলার বীভৎসতা: নিহতদের মধ্যে শিশুও, জড়িতদের খুঁজছে এফবিআই!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ব্যাঙ্কোয়েট হলে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময়সন্ধ্যা ৬টার সামান্য কিছু আগে একটি পারিবারিক অনুষ্ঠানে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

সান জোয়াকুইন কাউন্টি শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট জানিয়েছেন, স্টকটন শহরের লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের কাছে একটি অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে।

হিদার ব্রেন্ট নিশ্চিত করেন, এটি একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। তিনি বলেন, নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্করাও আছেন। তবে, নিহতদের সঠিক বয়স ও লিঙ্গ সম্পর্কে তাৎক্ষণিক কোনো বিস্তারিত তথ্য দিতে পারেননি শেরিফের মুখপাত্র।

হিদার ব্রেন্ট জানান, বন্দুকধারীকে শনাক্ত করার জন্য জোরেশোরে তদন্ত চলছে। তিনি বলেন:

"এটি পরিকল্পিত একটি ঘটনা হতে পারে। তবে এই মুহূর্তে আমাদের প্রথম অগ্রাধিকার হলো ঘটনার সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা।"

গুলিবর্ষণের ঘটনাটি ব্যাঙ্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে ঘটেছে, তা শেরিফের মুখপাত্র স্পষ্ট করে জানাতে পারেননি। তিনি জানান, এফবিআই, স্টকটন পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে সহায়তা করছে।

স্টকটন শহরের ভাইস মেয়র জেসন লি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, শিশুদের জন্মদিনের পার্টিতে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের অফিস এক্স (টুইটার)-এ দেওয়া বিবৃতিতে জানিয়েছে, গভর্নরকে এই 'ভয়াবহ গুলিবর্ষণ' সম্পর্কে অবহিত করা হয়েছে। গভর্নরের জরুরি পরিষেবা অফিস পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।