এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অভিযোগ করেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে যতবার আলোচনা এগোয়, ইসরাইল ততবারই “মিথ্যা অজুহাত” দেখিয়ে তা ভঙ্গ করছে।
ইস্তাম্বুলে বিজ্ঞান বিতরণ পুরস্কার অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে তিনি এ বক্তব্য দেন।
এরদোগান বলেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও হামাস যুদ্ধবিরতি মেনে চলছে এবং ধৈর্য ধরে অবস্থান করছে। কিন্তু ইসরাইল বারবার আগ্রাসন চালিয়ে যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে দিচ্ছে।
তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকারও তীব্র সমালোচনা করেন। এরদোগানের অভিযোগ, গাজার প্রকৃত চিত্র বিশ্বের সামনে তুলে ধরা হয়নি—বিশেষ করে যেখানে ২৭০–এর বেশি সাংবাদিক নিহত হয়েছেন, সেটিও যথাযথভাবে প্রচার পায়নি।
গাজার শিক্ষাব্যবস্থায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ
ইসরাইলি হামলায় গাজার শিক্ষাব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন এরদোগান। তাঁর তথ্য অনুযায়ী—
১৩,৫০০–এর বেশি শিক্ষার্থী নিহত
৮৩০ শিক্ষক ও শিক্ষা কর্মী প্রাণ হারিয়েছেন
১৯৩ জন বিজ্ঞানী ও গবেষক নিহত
৭ লাখ ৮৫ হাজারের বেশি শিক্ষার্থী শিক্ষার অধিকার হারিয়েছে
এগুলোকে তিনি “ইচ্ছাকৃত ও পরিকল্পিত গণহত্যার নীতি” হিসেবে আখ্যা দেন।
আন্তর্জাতিক মহলে তুরস্ক সক্রিয় ভূমিকা নিচ্ছে
এরদোগান জানান, গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তোলার জন্য তুরস্ক সক্রিয়ভাবে কাজ করছে। এ নিয়ে তিনি গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জি২০ সম্মেলনেও আলোচনা করেছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।