এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম
তুরস্কের উপকূলের কাছে কৃষ্ণসাগরের জলসীমায় রাশিয়ার দুই তেলবাহী ট্যাংকার—কাইরোস ও ভিরাটে—ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ‘সি বেবি’ নৌ-ড্রোন ব্যবহার করে বিকেলে পরপর দুটি হামলা পরিচালিত হয়।
ট্যাংকার দুটি রাশিয়ার কথিত “শ্যাডো ফ্লিট”—যেগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে গোপনে তেল পরিবহন করে। হামলার পর তুরস্কের কোস্টগার্ড দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং দুই জাহাজের সব নাবিকই নিরাপদে আছেন।
কাইরোসে ভয়াবহ আগুন, ভিরাটে জরুরি সংকেত
এপি জানিয়েছে, গাম্বিয়ার পতাকাবাহী কাইরোস ট্যাংকারে আগুন ধরে যায়, ফলে ২৫ জন নাবিককে দ্রুত সরিয়ে নিতে হয়।
আরেক ট্যাংকার ভিরাটে আগুন না লাগলেও, জাহাজের ক্যাপ্টেন ড্রোন হামলার পর জরুরি বার্তা পাঠিয়েছেন।
ইউক্রেন দাবি করেছে, এই হামলার ফলে প্রায় ৭০ মিলিয়ন ডলার মূল্যের তেল পরিবহনের সক্ষমতা ধ্বংস হয়েছে, যা রাশিয়ার যুদ্ধ অর্থনীতিতে বড় ধাক্কা দেবে।
তুরস্কের EEZ-এ হামলা, তদন্ত চলছে
তুরস্কের পরিবহনমন্ত্রী জানান, হামলাটি তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে ঘটেছে। ট্যাংকার দুটি মাইন, ক্ষেপণাস্ত্র নাকি ড্রোনে আঘাতপ্রাপ্ত—সেটি এখনও তদন্তাধীন।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পর্যবেক্ষক প্রতিষ্ঠান ওপেনস্যাংশনস জানিয়েছে, কাইরোস ও ভিরাট—উভয়ই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ একাধিক দেশের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত জাহাজ।