এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে নিজের মানসিকতা, অনুপ্রেরণা আর ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। ৩০ নভেম্বর রাঁচিতে প্রথম ওয়ানডের আগের দিনই জানালেন—বয়স কখনোই তার প্রেরণাকে থামাতে পারেনি।
রোহিত বললেন, ২০ বছর বয়সে যেমন জেদ আর ক্ষুধা ছিল, এখন ৩৮ বছরেও ঠিক তেমনই আছে। ভারতীয় জার্সি পরা মানেই তার ভেতরে নতুন আগুন জ্বলে ওঠে—এটাই তাকে চালিয়ে নিয়ে যায়।
“বয়স নয়, দেশের হয়ে খেলাই আসল জেদ”—রোহিত শর্মা
বিসিসিআইয়ের প্রকাশিত এক ভিডিওতে রোহিত বলেন,
“দেশের হয়ে নামলে একই ড্রাইভ, একই ইচ্ছা—আপনি ২৮ হন বা ৩৮, কিছুই যায় আসে না।”
তিনি জানান, ভারতীয় জার্সি পরার সেই প্রথম দিনের উন্মাদনা আজও তার মধ্যে একইভাবে কাজ করে।
ওয়ানডে ক্রিকেট মানেই টেস্ট+টি২০—বিশেষ স্কিল দরকার: রোহিত
ভারতের সাবেক অধিনায়ক ব্যাখ্যা করলেন, ওয়ানডে ক্রিকেটে টেস্টের ধৈর্য আর টি–২০-এর তাড়াহুড়ো—দুটোই লাগবে। ওপেনার হিসেবে নতুন বল সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
রোহিতের ভাষায়,
“নতুন বলে সুইং থাকে। তাই টেস্টের মাইন্ডসেটের মতো বল ছেড়ে দেওয়া, বডির কাছে খেলা—সবই লাগে।”
“গ্যাপ থাকলেও মনোভাব বদলায় না”—জানালেন রোহিত শর্মা
রোহিত বলেন,
“২০ বছর বয়সে যেমন মনোভাব ছিল, এখনো ঠিক সেরকম। মাঠে নেমে নিজের সবটুকু দেওয়া—এটাই আমার কাজ।”
তিনি আরও যোগ করেন,
“এক মাস বিশ্রামের পর ফিরি বা ছয়–সাত মাস পর—প্রতিবারই একই ইচ্ছা নিয়ে মাঠে নামি। দলকে পারফরমেন্স দিয়ে কিছু দিতে চাই, এবং এটা কখনো বদলাবে না।”
টেস্ট ও টি–২০ থেকে বিদায়, এখন পুরো ফোকাস ওয়ানডে ক্রিকেটে
এ বছর টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর, গত বছর টি–২০ ক্যারিয়ার শেষ করেছেন রোহিত। এখন তার লক্ষ্য শুধুই ওয়ানডে ফরম্যাটে নিজেকে আরও প্রভাবশালী করে তোলা।
অস্ট্রেলিয়া সফরে সিরিজসেরা হয়ে এসেছেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডেতে সেই ফর্ম ধরে রাখতে চান। সিরিজ শেষে তিনি খেলতে পারেন বিজয় হাজারে ট্রফিতেও, তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আরেকটি সিরিজে ফিরবেন।