এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫, ০৩:১১ পিএম
বিধ্বংসী ব্যাটিং দিয়ে এরই মধ্যে ক্রিকেট বিশ্বে বিশেষ পরিচিতি পেয়েছেন ভারতের তরুণ ক্রিকেটার অভিষেক শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে বাঘা বাঘা বোলারদের বেধড়ক পিটিয়ে তিনি গড়েছেন অনেক রেকর্ড। এবার তাঁর ব্যাটের আগুনে পুড়ে ছাই হয়ে গেল বেঙ্গলের বোলাররা।
হায়দরাবাদে অনুষ্ঠিত সৈয়দ মুশতাক আলি ট্রফির এক ম্যাচে বেঙ্গলের বিপক্ষে পাঞ্জাবের হয়ে খেলতে নামা এই বাঁহাতি ওপেনার মাত্র ১২ বলে ফিফটি করেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি বিশ্বের তৃতীয় দ্রুততম ফিফটি এবং ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম।
মোহাম্মদ শামি, আকাশ দিপদের মতো তারকা বোলারদের নিয়ে গড়া বোলিং লাইন আপের বিপক্ষে শুধু ফিফটি করেই থামেননি ২৫ বছর বয়সী এই ওপেনার। নিজের তাণ্ডব জারি রেখে মাত্র ৩২ বলে তিনি পূর্ণ করেছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের অষ্টম সেঞ্চুরি। ভারতের ব্যাটারদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ।
শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করে ৫টি করে চার এবং ছক্কার সাহায্যে মাত্র ১২ বলে ফিফটি করেন অভিষেক।
স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ডটি নেপালের দিপেন্দ্র সিং আইরির দখলে (৯ বলে)। এছাড়া ১১ বলে ফিফটি করার রেকর্ড আছে ভারতের আশুতোষ শর্মার।
অভিষেক শর্মা সহ এখন পর্যন্ত মোট পাঁচজন ব্যাটারের নামের পাশে আছে ১২ বলে ফিফটি করার রেকর্ড। সবার আগে এই কীর্তি গড়েছিলেন ভারতের যুবরাজ সিং ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর এই তালিকায় যোগ হন ক্রিস গেইল, হযরতউল্লাহ জাজাই ও এস্তোনিয়ার সাহিল চৌহান।
দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটি সাহিল চৌহানের। গত বছর সাইপ্রাসের বিপক্ষে ১২ বলে ফিফটি করার দিনে তিনি মাত্র ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন। এই তালিকার দুই নম্বরে আছেন অভিষেক শর্মা ও উর্ভিল প্যাটেল, যাঁরা গত বছরই ২৮ বলে সেঞ্চুরি করেন।
চলতি বছরের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে উর্ভিল প্যাটেল ৩১ বলে আরও একটি সেঞ্চুরি করেছেন। এছাড়াও ২৯ ও ৩০ বলে সেঞ্চুরি আছে যথাক্রমে মোহাম্মদ ফাহাদ ও ক্রিস গেইলের। অভিষেকের সমান ৩২ বলে সেঞ্চুরির কীর্তি আছে আরও দুই ভারতীয় রিশাভ পান্ত ও বৈভব সূর্যবংশীর।
রোববারের ম্যাচে ১২ বলে ফিফটি করার পর, অভিষেক পরবর্তী ২০ বলে আরও ২ চার ও ৬টি ছক্কা মেরে ৩২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন। এই সেঞ্চুরির সুবাদে তিনি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মার পাশে বসেছেন।
রোহিত শর্মা তাঁর ক্যারিয়ারে ৪৫০ ইনিংসে ৮টি স্বীকৃত টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন। সেই কীর্তিকে মাত্র ১৫৭ ইনিংসে ছুঁয়ে ফেললেন ২৫ বছর বয়সী অভিষেক!
তবে ভারতের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হলেন বিরাট কোহলি। ৩৯৭ ইনিংসে তাঁর সেঞ্চুরি ৯টি। অভিষেক যে গতিতে ছুটছেন, তাতে অচিরেই তাঁকে ছুঁয়ে ফেলবেন, এমনকি ছাড়িয়েও যেতে পারেন বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, স্বীকৃত টি-টোয়েন্টিতে মোট ২২টি সেঞ্চুরি করে সবার ধরাছোঁয়ার বাইরে আছেন 'ইউনিভার্স বস' ক্রিস গেইল।