ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

লেবানন সফরে পোপ লিও: হিজবুল্লাহর কড়া বার্তা— ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিন!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৫, ১১:১১ পিএম

লেবানন সফরে পোপ লিও: হিজবুল্লাহর কড়া বার্তা— ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিন!

ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবাননে সহাবস্থান, প্রতিরোধ এবং ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলার ওপর আবারও বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে।

বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের নেতা পোপ লিও চতুর্দশের লেবানন সফরের প্রাক্কালে হিজবুল্লাহ তাঁর উদ্দেশে একটি আনুষ্ঠানিক চিঠি প্রকাশ করেছে। পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, এই চিঠিতে পোপকে স্বাগত জানিয়ে লেবাননের ধর্মীয় বৈচিত্র্য, সহাবস্থান এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হয়েছে। হিজবুল্লাহ লেবাননকে ইসলাম ও খ্রিস্টধর্মের মধ্যে এবং বিভিন্ন সংস্কৃতি ও মতাদর্শের মধ্যে 'সেতুবন্ধন' হিসেবে বর্ণনা করেছে।

হিজবুল্লাহ পোপ জন পল দ্বিতীয়ের সেই বিখ্যাত মন্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়েছে, যেখানে তিনি লেবাননকে "শুধু একটি দেশ নয়, বরং একটি বার্তা" বলে উল্লেখ করেছিলেন। চিঠিতে বলা হয়েছে, লেবানন বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মধ্যে যোগাযোগ স্থাপনে বিশেষ ভূমিকা পালন করে।

এরপর চিঠিতে মানবাধিকার লঙ্ঘনের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে বলা হয়েছে, এসব ক্ষেত্রে অবহেলাই বিশ্বে আধিপত্যবাদ ও সহিংসতার পথ খুলে দিয়েছে।

চিঠির একটি বড় অংশ জুড়ে আছে ফিলিস্তিন এবং লেবাননের বর্তমান পরিস্থিতি। হিজবুল্লাহ গাজায় ঘটে যাওয়া মানবিক বিপর্যয়কে "স্পষ্ট গণহত্যা" এবং লেবাননে ইসরায়েলের কার্যক্রমকে "অগ্রহণযোগ্য আগ্রাসন" হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে, এটি ইসরায়েলের সম্পদ ও ভূমি দখলের চেষ্টার ফল। একই সঙ্গে বলা হয়েছে, ইসরায়েলের প্রতি শক্তিধর দেশগুলোর সমর্থন এই অঞ্চলের জনগণের অধিকার লঙ্ঘনের শামিল।

চিঠিতে আরও বলা হয়েছে, হিজবুল্লাহ লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা, সম্মিলিত গণতন্ত্র ও সহাবস্থানের পরিবেশ রক্ষা এবং যেকোনো আগ্রাসন বা দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রতি অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি তারা এমন সব বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেছে, যা লেবাননের স্বাধীনতাকে হুমকিগ্রস্ত করে।

চিঠিতে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যকার অভিন্ন মূল্যবোধের ওপর জোর দেওয়া হয়েছে এবং হযরত ঈসা (আ.)-এর অনুসারীদের ভালোবাসার দূত ও মানবাধিকারের রক্ষক হিসেবে বর্ণনা করা হয়েছে। হিজবুল্লাহ পোপের প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি যেন লেবানন সফরের সময় ইসরায়েলি নৃশংসতা ও অবিচারের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেন এবং লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

পোপ লিও চতুর্দশ তুরস্ক থেকে তাঁর সফর শুরু করেছেন এবং তিনি আজই লেবাননে পৌঁছাবেন বলে কথা রয়েছে।