এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম
অক্সফোর্ড ইউনিয়নের ২০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফিলিস্তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন আরওয়া হানিন এলরাইশ। গত রোববার জেরুসালেম পোস্ট এই খবর প্রকাশ করে।
১৮২৩ সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়ন ব্রিটেনের সবচেয়ে পুরোনো ও নামকরা স্টুডেন্ট ডিবেটিং সোসাইটি। এখানে সভাপতি হওয়া মানে বিশাল সম্মান। দ্বিতীয় বর্ষের পিপিই (দর্শন, রাজনীতি ও অর্থনীতি) পড়ুয়া আরওয়া ২০২৬ সালের ট্রিনিটি টার্মে (এপ্রিল-জুন) দায়িত্ব নেবেন।
তবে এই নির্বাচন এসেছে তুমুল বিতর্কের মধ্যে। আগের সভাপতি জর্জ আবারনইয়ে চার্লি কার্কের মৃত্যুতে ইনস্টাগ্রামে ‘উল্লাস’ করায় পদ হারান। ঠিক এই সময়েই আরওয়া জিতে গেলেন।
নির্বাচিত হওয়ার পর আরওয়া বলেছেন, “ইউনিয়নের সদস্যরা আমার ও আমার টিমের ওপর ভরসা রেখেছেন। সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ইচ্ছা দেখিয়েছেন। ২০২৬-এর ট্রিনিটি টার্মে সবাইকে সেবা করার জন্য মুখিয়ে আছি।”
কিন্তু আরওয়াও বিতর্কমুক্ত নন। পূর্বসূরি জর্জের বিরুদ্ধে অনাস্থা বৈঠকে তিনি সাবেক শিক্ষার্থীদের ‘বর্ণবিদ্বেষী’ বলে গাল দেন। এমনকি তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার দাবিও তোলেন!
নিজের পরিচয়ে আরওয়া বলেন, শৈশবে তিনি ও পরিবার অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে গেছেন। তবে গাজার কোন এলাকায় থাকতেন – তা জানা যায়নি। আরওয়া কাতারের দোহা কলেজ থেকে এ-লেভেল পাস করেছেন। তার বাবা মোহামেদ এলরাইশ কাতার বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিভাগের প্রধান্ত ছিলেন। ২০১২ সাল থেকে পরিবার কাতারে বাস করছে। ধারণা করা হয় আরওয়ার জন্ম ২০০৫-২০০৭ সালের মধ্যে।