এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম
সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের সফল অভিযান চালিয়েছে মার্কিন ও সিরীয় যৌথ বাহিনী। তারা আইএসের ১৫টি অস্ত্রাগার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকোমের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সিরিয়ার দক্ষিণাঞ্চলে চালানো অভিযানে এই সাফল্য আসে। এতে শুধু অস্ত্রাগারই নয়, ১৩০টিরও বেশি মর্টার ও রকেট, অসংখ্য অ্যাসল্ট রাইফেল, মেশিনগান, অ্যান্টি-ট্যাংক মাইন এবং বোমা তৈরির সরঞ্জামও গুঁড়িয়ে দেওয়া হয়। এই অভিযানে আইএসের অপারেশনাল ক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিরিয়ার গৃহযুদ্ধের ফাঁদে ২০১৩ সালে আত্মপ্রকাশ করে চরমপন্থি গোষ্ঠী আইএস। মাত্র এক বছরের মধ্যেই তারা দক্ষিণ সিরিয়া ও ইরাকের বিরাট এলাকা দখল করে নিজেদের রাষ্ট্র কায়েম করে। তাদের হামলায় সিরিয়া, ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে শত শত নিরীহ মানুষ প্রাণ হারান।
২০১৫ সাল থেকে আইএসকে নির্মূল করতে সিরিয়া ও ইরাকে বিমান হামলা ও অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র, পরে যাতে যোগ দেয় রাশিয়া। টানা কয়েক বছরের সামরিক চাপে এখন কোমর ভেঙে পড়েছে আইএসের। এক সময় তারা যে বিশাল অঞ্চল দখলে রেখেছিল, তার মাত্র এক পঞ্চমাংশে এখন তাদের তৎপরতা সীমাবদ্ধ।
২০২৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতন হয়। নতুন প্রেসিডেন্ট হন আহমেদ আল শারা। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য হোয়াইট হাউসে যান। ওই বৈঠকে ট্রাম্প সিরিয়ার নতুন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আইএসের বিরুদ্ধে এই সাম্প্রতিক অভিযান সেই সহযোগিতারই একটি অংশ বলে বিশ্লেষকরা মনে করছেন।