এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভি সম্প্রতি এমন একজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছেন, যার ইউনিট পশ্চিম তীরের জেনিনে দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল। রবিবার স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
টিআরটি ওয়ার্ল্ডের সোমবার ১ ডিসেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, পদোন্নতি দেওয়া হলো সেই ভিডিও প্রকাশের ঠিক একদিন পরে, যেখানে দেখা যায় ইউনিটের সদস্যরা হাত তোলা দুই ফিলিস্তিনির উপর গুলি চালাচ্ছেন।
সংবাদপত্র হারেটজ জানিয়েছে, অতি-ডানপন্থি নেতা বেন-গভি নিজে ইউনিটের ঘাঁটি পরিদর্শন করে ওই কমান্ডারকে পদোন্নতির কথা জানিয়েছেন। প্রতিবেদনে এই পদক্ষেপকে ‘অস্বাভাবিক’ আখ্যায়িত করা হয়েছে, কারণ সাধারণত পুলিশের ইউনিট কমান্ডাররা নিম্ন পদমর্যাদার অধিকারী হন।
এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছিল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা হলেন ২৬ বছর বয়সী মনতাসির আবদুল্লাহ এবং ৩৭ বছর বয়সী ইউসুফ আসাসা।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ইসরায়েলি বাহিনী ঠান্ডা মাথায় মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এরপর বেন-গভি একটি বিবৃতি দিয়ে ভয়াবহ গুলিবর্ষণের সঙ্গে যুক্ত সামরিক বাহিনী ও পুলিশ ইউনিটকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
সংবাদপত্র জানিয়েছে, তদন্তকারীরা অফিসারদের কাছে ফুটেজ দেখান, যেখানে দুই ফিলিস্তিনি জেনিনের একটি বাড়ি থেকে হাত উঁচু করে বের হচ্ছেন। এরপর অফিসাররা তাদের মাটিতে শুয়ে পড়ার নির্দেশ দেন এবং একজন অফিসার কাছ থেকে গুলি করে তাদের হত্যা করেন।
শুক্রবার, বেন-গভি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি ইউনিট কমান্ডারকে জড়িয়ে ধরেন এবং ফৌজদারি তদন্ত চলমান থাকলেও ইউনিটের প্রতি সমর্থন প্রকাশ করেন।