ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বর্ণবাদী হওয়ার কারণে দখলদার ইসরাইলের ধ্বংস অনিবার্য: ইরান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২২, ০৩:০৮ পিএম

বর্ণবাদী হওয়ার কারণে দখলদার ইসরাইলের ধ্বংস অনিবার্য: ইরান

বর্ণবাদী হওয়ার কারণে দখলদার ইসরাইলের ধ্বংস অনিবার্য: ইরান

ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের মতো বর্ণবাদী সরকারগুলোর স্বাভাবিক পরিণতি হচ্ছে ধ্বংস। তিনি মঙ্গলবার তেহরান সফররত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখলার সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

কামাল খাররাজি বলেন, ইহুদিবাদী ইসরাইল একটি বর্ণবাদী সরকার এবং জাতিসংঘের পক্ষ থেকে তেল আবিবকে বর্ণবাদী বলে আখ্যা দেয়া হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে তার আলাদা গুরুত্ব রয়েছে।

ইসরাইল বিরোধী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দালনগুলোকে সহযোগিতা করা ইরানের অন্যতম বড় কৌশলগত নীতি বলে জানান ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের সভাপতি। তিনি বলেন, বর্তমানে ইহুদিবাদী ইসরাইল প্রতিরোধ আন্দোলনগুলোর মাধ্যমে ঘেরাও হয়ে পড়েছে এবং এ বিষয়টি এই দখলদার সরকারকে উদ্বিগ্ন করে তুলেছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও প্রতিরোধ আন্দোলনগুলো দিন দিন শক্তিশালী হচ্ছে জানিয়ে খাররাজি বলেন, আজ ইসরাইলের সঙ্গে কিছু আরব দেশের সম্পর্ক স্থাপনের যে কথা শোনা যায় তা নতুন কোনো ঘটনা নয়। তেল আবিবের সঙ্গে এসব আরব দেশের সম্পর্কে আগে থেকেই ছিল। তবে পার্থক্য হচ্ছে আগে সম্পর্ক ছিল গোপনে যেটি এখন প্রকাশ করে দেয়া হয়েছে মাত্র।

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর ব্যর্থ হলেও তেল আবিব এখনও ওই সফরকে সফল হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছে। তিনি বলেন, এখান থেকে একথা স্পষ্ট হয়ে যায় যে, ইহুদিবাদী ইসরাইল কত বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে।

সাক্ষাতে জিয়াদ আন-নাখলা ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনে সহযোগিতা করার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তেল আবিবের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের যুদ্ধ প্রস্তুতিতে আশাব্যাঞ্জক বলে অভিহিত করেন। তিনি দৃঢ় প্রত্যয় জানিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা বিজয়ী হবেই।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে