ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিপিএলে পাকিস্তানি স্টারদের আসা বাতাস! এনওসি না পেলে বড় ধাক্কা খাবে টুর্নামেন্ট


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

বিপিএলে পাকিস্তানি স্টারদের আসা বাতাস! এনওসি না পেলে বড় ধাক্কা খাবে টুর্নামেন্ট

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর জন্য বিরাট দুঃসংবাদ! পাকিস্তানের জাতীয় ক্রিকেটাররা ১৫ জানুয়ারি পর্যন্ত কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার এনওসি পাচ্ছেন না। ফলে ডিসেম্বর-জানুয়ারিতে চলা বিপিএলসহ একাধিক লিগ এখন চূড়ান্ত অনিশ্চয়তায় পড়ে গেছে।

কারণটা হলো, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য পাকিস্তান নতুন বছরের শুরুতে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচগুলো ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায়। এই সিরিজকে পিসিবি খুব গুরুত্ব দিচ্ছে, তাই জাতীয় দায়িত্বকে ফ্র্যাঞ্চাইজি লিগের থেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

সূত্রের খবর, শ্রীলঙ্কা সিরিজে যারা নির্বাচিত হবেন, তারা বিপিএলসহ কোনো বিদেশি লিগেই খেলতে পারবেন না।

বিপিএলের বিভিন্ন দলে ড্রাফট হয়ে যাওয়া পাকিস্তানি তারকারা এখন বড় বিপদে – আবরার আহমেদ, উসমান খান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, হুসেইন তালাত, ইহসানউল্লাহ, হায়দার আলি, খাজা নাফে, সুফিয়ান মুকিম, মোহাম্মদ আখলাক, সাইম আয়ুব আর মোহাম্মদ আমিরের অংশগ্রহণ এখন প্রশ্নচিহ্নের মুখে।

তবে ফখর জমান, নাসিম শাহ ও হাসান নওয়াজ আইএলটি-টোয়েন্টির জন্য এনওসি পেয়েছেন (৪ জানুয়ারি পর্যন্ত), আর বিগ ব্যাশের জন্য এনওসি আছে ১৪ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত।

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন আফ্রিদি, হারিস রউফ, শাদাব খান, হাসান আলীর মতো বড় নামগুলোর বিপিএল খেলা নির্ভর করছে – তারা শ্রীলঙ্কা সিরিজে থাকবেন কি না!

এনওসি না পেলে বিপিএলের তারকা খেলোয়াড়ের তালিকায় বড় ফাঁক পড়ে যাবে। ফ্যানরা এখন উৎকণ্ঠায় – পাকিস্তানি সুপারস্টাররা আদৌ মাঠে নামবেন তো?