এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম
গতবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন পাকিস্তানের ক্রিকেটার খুশদিল শাহ রংপুর রাইডার্সের জার্সিতে তাঁর সেই অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই তিনি পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছিলেন। একসময় জাতীয় দলে অনিয়মিত থাকা এই ক্রিকেটার এখন পাক দলের নিয়মিত মুখ।
সেই খুশদিল শাহকে এবারও রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলতে দেখা যাবে। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
আসন্ন বিপিএল নিলামে রংপুর রাইডার্স নামীদামি দেশি তারকাদের দলে ভিড়িয়েছে। তারা লিটন কুমার দাস, তাওহীদ হৃদয় এবং নাহিদ রানার মতো ক্রিকেটারকে দলে নিয়েছে। এছাড়া সরাসরি চুক্তিতে আগে থেকেই দলে রয়েছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান এবং তারকা পেসার মুস্তাফিজুর রহমান।
বিদেশি ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রেও রংপুর এবার চমক দেখিয়েছে। নিলামের আগেই আফগানিস্তানের সুফিয়ান মুকিম এবং খাজে নাফের সাথে তারা চুক্তি সম্পন্ন করে।
নিলামে তারা ওয়েস্ট ইন্ডিজের এমিলিও গে এবং মোহাম্মদ আখলাককে দলে নেয়। এরপর নিলামের বাইরে থেকে তারা কাইল মেয়ার্স (Kyle Mayers), ফাহিম আশরাফ (Faheem Ashraf), ইফতেখার আহমেদ (Iftikhar Ahmed) এবং ডেভিড মালানকে (Dawid Malan) মতো বড় তারকাদের সাথে চুক্তি করেছে। আরও শোনা যাচ্ছে, গত বিপিএলে দলটির হয়ে দুর্দান্ত পারফর্ম করা পাকিস্তানি পেসার আকিফ জাভেদকেও (Akif Javed) এবার দেখা যাবে। আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএল, এবং ফাইনাল অনুষ্ঠিত হবে জানুয়ারির ২৩ তারিখ।