এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম
গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ দাবি তুলেছেন ফিলিস্তিনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তার মতে, গাজা পুনর্গঠনের পুরো ব্যয় ইসরাইল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রেরই বহন করা উচিত। একই সঙ্গে তিনি বলেন, ইসরাইলের বড় অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাজ্য, জার্মানি ও ইতালিরও এই দায় এড়ানোর সুযোগ নেই।
শুক্রবার লন্ডনে ওডিআই গ্লোবাল রিসার্চ সেন্টারে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আলবানিজ। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আলবানিজ বলেন, ফিলিস্তিন পরিস্থিতি সঠিকভাবে বুঝতে হলে অঞ্চলটির ঔপনিবেশিক ইতিহাস মাথায় রাখা জরুরি। তার ভাষায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গত দুই বছরে ইসরাইল যে ভয়াবহ নৃশংসতা চালিয়েছে, সেটাই হওয়া উচিত মূল আলোচনার কেন্দ্রবিন্দু।
তিনি ফিলিস্তিন পরিস্থিতিকে সাংস্কৃতিক আধিপত্যের প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। আলবানিজের মতে, ইসরাইলের বহু নীতির শিকড় রয়েছে ফিলিস্তিনে ব্রিটিশ ঔপনিবেশিক উত্তরাধিকারের মধ্যে। প্রশাসনিক আটক ও নির্যাতনের মতো নীতিগুলো অতীতে ব্রিটিশরা যেভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার করেছিল, তার সঙ্গে স্পষ্ট মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া তিনি বলেন, দক্ষিণ সাইপ্রাসে থাকা ব্রিটিশ সামরিক ঘাঁটি থেকে দেওয়া সহায়তার মাধ্যমে এই গণহত্যায় যুক্তরাজ্যের সম্ভাব্য সম্পৃক্ততা রয়েছে কি না—তা খতিয়ে দেখতে শক্তিশালী ও নিরপেক্ষ তদন্ত জরুরি।
গাজার ভয়াবহ মানবিক সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষ দূত। তার মতে, এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের জবাবদিহিমূলক ব্যবস্থা সক্রিয় না হলে পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠবে।
আলবানিজের বক্তব্যে স্পষ্ট—গাজা ধ্বংসের দায় শুধু যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িত রাজনৈতিক ও আন্তর্জাতিক দায়িত্বও নির্ধারণ করা জরুরি।