ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজায় হামলায় নেতানিয়াহুকে আমেরিকার ধমক! চুক্তি ভাঙলে ট্রাম্পের সুনাম নষ্ট?


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

গাজায় হামলায় নেতানিয়াহুকে আমেরিকার ধমক! চুক্তি ভাঙলে ট্রাম্পের সুনাম নষ্ট?

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে মার্কিন হোয়াইট হাউস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া গোপন বার্তা পাঠিয়েছে। গত সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর বেরিয়ে এসেছে।

বার্তাটি পাঠানো হয়েছে গাজায় ইসরায়েলের হামলায় হামাসের উপকমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার পর। হামলায় চারজনের মৃত্যু হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের বার্তায় লেখা, “আপনি যদি আপনার সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে চুক্তি মানেন না, তবে তা আপনার ব্যাপার। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু চুক্তির মধ্যস্থতা করেছেন, আমরা তাঁর সুনাম নষ্ট হতে দেব না।”
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলার আগে ইসরায়েল সরকার ওয়াশিংটনকে কোনো তথ্য দেননি বা আলোচনা করেননি।

হামাসের প্রধান খলিল আল-হায়া টেলিভিশনে নিশ্চিত করেছেন, গাজায় রায়েদ সাদ নিহত হয়েছেন। ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এর মধ্যেই শনিবার ইসরায়েলি বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হন। এর আগেও তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল।

যুদ্ধবিরতির পরও ইসরায়েলি সেনারা নিয়মিত চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৯১ ফিলিস্তিনি নিহত এবং ১,০৬৩ জন আহত হয়েছেন।
এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৭০,৬০০ ছাড়িয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ১,৭১,১০০-এর বেশি মানুষ। যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত রয়েছে।