ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কাবুলে সংখ্যালঘু জনগোষ্ঠী এলাকায় পর পর বিস্ফোরণ, মহিলা-শিশু সহ নিহত ৮


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ আগস্ট, ২০২২, ০১:০৮ পিএম

কাবুলে সংখ্যালঘু জনগোষ্ঠী এলাকায় পর পর বিস্ফোরণ, মহিলা-শিশু সহ নিহত ৮

কাবুলে সংখ্যালঘু জনগোষ্ঠী এলাকায় পর পর বিস্ফোরণ, মহিলা-শিশু সহ নিহত ৮

তালিবান শাসিত কাবুলে ফের বিস্ফোরণ (Kabul Blast)। দিনকয়েক আগেই আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে আত্মঘাতী হামলা হয়। ফের কাবুলের জনবসতি এলাকায় পর পর বিস্ফোরণ হল। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, শিশু ও মহিলাদের হত্যা করাই নাকি উদ্দেশ্য ছিল। এক সংখ্যালঘু জনজাতি অধ্যুষিত এলাকাতেই বিস্ফোরণ হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

শুক্রবার মসজিদে নমাজ পড়ার সময়েই বিস্ফোরণ হয়। সর-ই-কারিজ এলাকার একটি মসজিদে বিস্ফোরণ ঘটে। ওই মসজিদে মহিলা ও শিশুরাও আসেন। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, পশ্চিম কাবুলের ওই এলাকায় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাস। সেখানেই পর পর বিস্ফোরণ (Kabul Blast) ঘটে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, বসতি এলাকায় একটি সবজি বোঝাই ভ্যান রাখা ছিল। মনে করা হচ্ছে, ওই ভ্যানটিতেই বিস্ফোরক বোঝাই করে রেখেছিল সন্ত্রাসবাদীরা। তালিবান সরকারের এক আধিকারিকের কথায়, বিস্ফোরণে নিহতের সংখ্যা বাড়তে পারে। সংখ্যা ৫০ ছাড়িয়ে যেতে পারে। গুরুতর জখম অবস্থায় ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। আহতের সংখ্যাও বাড়বে বলে জানিয়েছেন তিনি।

ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, বিস্ফোরণে (Kabul Blast) ৮ জন নয় ২০ জনের মৃত্যু হয়েছে।


গত ১১ জুন কাবুলে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। জখম হয়েছিলেন ৩৫ জন নাগরিক। তাঁদের মধ্যে চার জন বিদেশি বলে খবর পাওয়া গিয়েছিল। জুম্মাবারের নমাজ চলার মাঝেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল উত্তর আফগানিস্তানের কুন্দুজ শহরের সুন্নি মসজিদ। মারা গিয়েছিলেন ৩৩ জন। প্রসঙ্গত, তালিবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক ভাবে আক্রমণের নিশানা হচ্ছেন শিয়া জনগোষ্ঠীর মানুষ। পাশাপাশি হাজারা, তাজিক, উজবেক-সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরেও ক্রমাগত হামলার ঘটনা ঘটছে। একের পর এক মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটছে। তালিবান শাসিত আফগানিস্তানে দু’দিন আগেই মাজার-ই-শরিফের দুটি মসজিদে বিস্ফোরণে হয়। তাতেও কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর মিলেছিল। বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে আইসিস গোষ্ঠী।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে