ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শৈশবের ক্লাব সেভিয়ার মালিক হতে যাচ্ছেন রামোস, বিনিয়োগ প্রস্তাব ঘিরে লা লিগায় তোলপাড় শুরু আলোচনা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

শৈশবের ক্লাব সেভিয়ার মালিক হতে যাচ্ছেন রামোস, বিনিয়োগ প্রস্তাব ঘিরে লা লিগায় তোলপাড় শুরু আলোচনা

স্পেনের লা লিগার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব সেভিয়ার সঙ্গে সার্জিও রামোসের সম্পর্ক বহুদিনের। শৈশবে এই ক্লাবের একাডেমিতেই ফুটবলের হাতেখড়ি হয়েছিল তার। যদিও একসময় ক্লাব সমর্থকদের সঙ্গে রামোসের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল।

তবে দ্বিতীয় দফায় সেভিয়ায় খেলে বিদায়ের আগে সেই দূরত্ব অনেকটাই ঘুচিয়ে নেন এই স্প্যানিশ তারকা। পুরোনো সেই আবেগ থেকেই এবার সেভিয়ার মালিকানা নিতে আগ্রহী হচ্ছেন সার্জিও রামোস—এমন গুঞ্জনেই এখন সরগরম স্প্যানিশ ফুটবলপাড়া।

এর আগে সেভিয়ার মালিকানা নিয়ে একটি আমেরিকান কনসর্টিয়ামের নাম আলোচনায় ছিল। পাশাপাশি ক্লাবটির কিংবদন্তি স্পোর্টিং ডিরেক্টর মানচিকোকে ফেরানোর পরিকল্পনাও চলছিল। কিন্তু আর্থিক ও কাঠামোগত মূল্যায়ন ঘিরে তৈরি হয় জটিলতা।

এরপরই শোনা যায়, রামোস নাকি শুধু ‘মাইনর ইনভেস্টর’ হিসেবেই যুক্ত হতে চান। কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বাস্তবতা আরও বড়। তারা জানাচ্ছে, একটি বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন সার্জিও রামোস নিজেই। ইতোমধ্যে তিনি শেয়ারহোল্ডারদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছেন, আর সেই প্রস্তাব নাকি এখন পর্যন্ত সবচেয়ে বড়।

৩৯ বছর বয়সী রামোস গত ডিসেম্বরের পর আর কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হননি। আগেই জানিয়েছেন, তিনি আবার ইউরোপে ফিরতে চান। তবে যদি সত্যিই সেভিয়ার মালিকানা তার হাতে আসে, তাহলে খেলোয়াড় হিসেবে মাঠে দেখা যাবে কি না—সেই প্রশ্নও বড় হয়ে উঠছে।