এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি ট্রাম্পের বক্তব্যকে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে আখ্যা দিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের কর্তৃপক্ষকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা না করার সতর্কতা দেন। একই সঙ্গে তিনি বলেন, প্রয়োজনে ‘ওয়াশিংটন তাদের উদ্ধার করতে আসবে’। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা লকড অ্যান্ড লোডেড, যেতে প্রস্তুত।’
এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, কোনো ধরনের হামলা হলে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে এবং তারা ‘ঠিক কোথায় আঘাত হানতে হবে, তা খুব ভালোভাবে জানে’। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো হস্তক্ষেপ কঠোরভাবে প্রতিহত করা হবে।
এদিকে, ইরানে টানা এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে শনিবার সকাল পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার আরেক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরান যদি পুরনো অভ্যাস অনুযায়ী গুলি চালায় এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নির্মমভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে।’
তবে ওয়াশিংটন কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট কথা বলেননি। উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। তার জবাবে কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান।
এক্সে (আগের টুইটার) দেওয়া এক বিবৃতিতে আব্বাস আরাগচি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভেতরে ন্যাশনাল গার্ড মোতায়েন করার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের জানা উচিত—জনসম্পত্তিতে অপরাধমূলক হামলা কোনোভাবেই সহ্য করা যায় না।’ একই সঙ্গে তিনি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের কথা আবারও বলেন।