এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৬, ০৭:০১ পিএম
ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি) এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে। তাদের আয়োজনে মোট ১১ জন দেশি-বিদেশি ধারাভাষ্যকার দায়িত্ব পালন করছেন। এর মধ্যে চারজন দেশি ধারাভাষ্যকার রয়েছেন।
ধারাভাষ্য প্যানেলে এবার নতুন মুখ যোগ হলো। বিদেশি কণ্ঠ হিসেবে যুক্ত হচ্ছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নিক কম্পটন। ৪২ বছরের এই সাবেক খেলোয়াড় এখন বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন। স্কাই স্পোর্টস, বিবিসি আর ইএসপিএনের মতো বড় প্লাটফর্মে তাকে দেখা যায়।
কিংবদন্তি ইংলিশ অলরাউন্ডার ডেনিস কম্পটনের নাতি নিক কম্পটন। ক্রিকেট পরিবারে জন্ম নেওয়া এই ব্যাটার ছোটবেলা থেকেই খেলার সঙ্গে জড়িত। ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন তিনি। ১৬ টেস্টে করেছেন ৭৭৫ রান।
তবে ক্রিকেট ক্যারিয়ার খুব লম্বা হয়নি কম্পটনের। ২০১৮ সালের শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান তিনি। এখন ধারাভাষ্যকার হিসেবে সক্রিয়। তার ক্রিকেট বিশ্লেষণ টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় বেশ জনপ্রিয়।
এবারের বিপিএলে দেশি ধারাভাষ্যকারদের মধ্যে আছেন ‘ভয়েস অব বাংলাদেশ’ খ্যাত আতহার আলী খান। তার সঙ্গে রয়েছেন শামীম চৌধুরী, সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমি।
বিদেশিদের মধ্যে আছেন পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াকার ইউনুস ও রমিজ রাজা। রমিজ রাজা এর আগেও বিপিএলে ধারাভাষ্য দিয়েছেন, কিন্তু ওয়াকার ইউনুসের জন্য এটা প্রথম। এছাড়া প্যানেলে রয়েছেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ফারভেজ মাহরুফ। মাঝে যদি ওয়াকার ইউনুস বাংলাদেশ ছেড়ে যান, তাহলে জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ইংলিশ ক্রিকেটার ড্যারেন গফ যোগ দেবেন।