ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসলামাবাদের বিয়েবাড়িতে ভয়াল বিস্ফোরণ, নবদম্পতিসহ ৮ জন নিহত, শোকে স্তব্ধ পাকিস্তান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

ইসলামাবাদের বিয়েবাড়িতে ভয়াল বিস্ফোরণ, নবদম্পতিসহ ৮ জন নিহত, শোকে স্তব্ধ পাকিস্তান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণে নবদম্পতিসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১২ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল প্রায় ৭টার দিকে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পুরো বাড়িটি কেঁপে ওঠে, ধসে পড়ে ছাদ এবং দেয়ালের একটি বড় অংশ উড়ে যায়।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও পরিবারের সদস্যরাই মূলত এই বিস্ফোরণের শিকার হন। জিও নিউজ পুলিশের বরাতে জানিয়েছে, ভোরের এই ঘটনায় বর ও কনেসহ পরিবারের একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। পাশাপাশি বিস্ফোরণে পাশের দুটি বাড়ির দুই বাসিন্দারও মৃত্যু হয়েছে।

স্থানীয় প্রশাসক সাহেবজাদা ইউসুফ জানান, ভোরের দিকে সম্ভাব্য বিস্ফোরণের বিষয়ে আগাম সতর্কতা জারি করা হয়েছিল। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়।

তিনি আরও বলেন, বিস্ফোরণের কারণে আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ওই এলাকার একাধিক সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

জরুরি সেবাকর্মীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, গ্যাস সিলিন্ডার অথবা গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটতে পারে। এতে ওই বাড়ির পাশাপাশি আশপাশের অন্তত তিনটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।