এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম
ইরানে চলমান বিক্ষোভ ও সরকারের দমন-পীড়নের এই সুযোগে যুক্তরাষ্ট্র যে কোনো সময় সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে পারে—এমন গুঞ্জন ও আশঙ্কা তুঙ্গে। গত দুই সপ্তাহে একাধিকবার এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। কাতারের আল-উদেইদ ঘাঁটি থেকে আমেরিকান সৈন্য সরানোর পরামর্শ আসার পর থেকেই এই শঙ্কা ঘনীভূত হচ্ছে। কারণ, ইরানের কঠোর পাল্টা জবাবের সম্ভাবনাকেও আমলে নিতে হচ্ছে।
গত ডিসেম্বরে অর্থনৈতিক সংকট নিয়ে শুরু হওয়া বিক্ষোভ এখন ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের শাসকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই পটভূমিতেই মঙ্গলবার ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় বার্তা দেন: "সাহায্য পথেই রয়েছে।" এই সরাসরি মেসেজ থেকেই বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইরানে আমেরিকার কোনো ধরণের হস্তক্ষেপ আসন্ন।
ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, "ইরানের দেশপ্রেমিকরা, তোমরা বিক্ষোভ চালিয়ে যাও! প্রতিষ্ঠানগুলো দখল করে নাও!! যারা হত্যা ও নির্যাতন চালাচ্ছে, তাদের বেশি দাম দিতে হবে। সাহায্য আসছে।"
এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, ট্রাম্প ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ বা সমর্থনের হুমকি দিচ্ছেন। যা ইরানের পক্ষ থেকে কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়ার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্পষ্ট করেছেন, কূটনীতিক পথই তাদের প্রথম পছন্দ হলেও প্রয়োজনে ট্রাম্প সামরিক শক্তি ব্যবহার করতে পিছপা হবেন না। মার্কিন প্রশাসনের এই রূঢ় বক্তব্য ইরানের জনগণ এবং সরকার—উভয়কেই আরও দৃঢ় ও সতর্ক করেছে।
ইরান কিন্তু শুধু আত্মরক্ষায় সীমাবদ্ধ নেই। বিশ্লেষকরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র কোনো হামলা চালায়, তাহলে ইরান গোটা মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা আক্রমণ চালাতে প্রস্তুত। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি বিদ্রোহী, এমনকি সিরিয়া ও ইরাকের মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে সমন্বিত প্রতিরোধের হুমকি দিচ্ছে তেহরান।
মার্কিন যুক্তরাষ্ট্র যদি সাইবার হামলা বা ইরানের বিভিন্ন দেশের অবকাঠামোতে আঘাত হানার পরিকল্পনা করে, তাও মোকাবিলার জন্য প্রস্তুত ইরান। বাস্তবতা হলো, ইরান একা নয়। তাদের শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা ও আঞ্চলিক মিত্ররা রয়েছে, যা মার্কিন আগ্রাসন এবং ইসরায়েলের ভয়কে আরও বড় করে তুলছে। ইরান দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, সতর্ক আছে, এবং যে কোনো আগ্রাসনের মোকাবিলা করতে সক্ষম বলে জানিয়ে দিচ্ছে।