ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নেইমার কি দেশ বদলালেন? জন্মস্থান আর্জেন্টিনা বলায় ভাইরাল, মেসিকেও আমন্ত্রণ!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম

নেইমার কি দেশ বদলালেন? জন্মস্থান আর্জেন্টিনা বলায় ভাইরাল, মেসিকেও আমন্ত্রণ!

ব্রাজিলের ফুটবল জাদুকর নেইমার আবারও সবার মুখে হাসি ফুটিয়েছেন। তবে এবার গোল করে নয়, বরং মজার মজার 'ভুল' উত্তর দিয়ে! কিংস লিগ বিশ্বকাপের ফাঁকে একটি প্রশ্নোত্তর সেশনে তিনি এমন সব মন্তব্য করেছেন যা শুনে ফুটবল ভক্তরা হতবাক!

এই সেশনের নিয়মটাই ছিল অদ্ভুত। নেইমারকে দেওয়া হয়েছিল নানা প্রশ্ন, যার সবগুলোরই তিনি দিতে হবে ভুল উত্তর। ব্রাজিলের এই সুপারস্টার নিয়ম পুরোপুরি মেনে চলেছেন।

সবচেয়ে চমক দিয়েছেন জাতীয়তা নিয়ে প্রশ্নের জবাবে। প্রশ্ন ছিল তার জন্মস্থান নিয়ে। ভুল উত্তর দিতে গিয়ে নেইমার স্পষ্ট বলেছেন, তার জন্ম আর্জেন্টিনায়! অথচ সারা দুনিয়া জানে, এই তারকার জন্ম ব্রাজিলের সান্তোসে।

আরেকটি প্রশ্ন ছিল ২০২৬ বিশ্বকাপকে ঘিরে। কোন দল চ্যাম্পিয়ন হতে পারে? নেইমার ফেভারিট হিসেবে বেছে নিয়েছেন বলিভিয়াকে! এই উত্তরও নিয়ম অনুযায়ী ভুল, কারণ বলিভিয়া ফিফা বিশ্বকাপের জন্য কোয়ালিফাইই করেনি।

খেলা শেষে আরেকটি বড় ঘোষণা দিয়েছেন নেইমার। তিনি জানিয়েছেন, ব্রাজিলে চলমান কিংস লিগ বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনাল দেখতে তার ব্যক্তিগত আমন্ত্রণে আসতে পারেন তার ঘনিষ্ঠ বন্ধু ও আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। শর্ত একটাই, আর্জেন্টিনার দলকে সেমি বা ফাইনালে উঠতে হবে।

উল্লেখ্য, কিংস লিগ হলো সাত জনের ফুটবল টুর্নামেন্ট। ব্রাজিলে অনুষ্ঠিত এই বিশ্বকাপে নেইমারের নিজের একটি দলও অংশ নিয়েছে। তার এই মজার ও রসিকতাপূর্ণ মন্তব্যগুলো সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।