এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম
দক্ষিণ স্পেনে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, রাতের বেলা এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। দুটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে সংঘর্ষের ফলে ঘটে এই ভয়াবহ দূর্ঘটনা।
রেল নেটওয়ার্ক অপারেটর 'আদিফ' জানিয়েছে, কর্ডোবা শহরের কাছে আদামুজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের একটি ট্র্যাকে ধাক্কা মারলে এই বিপর্যয় ঘটে। বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনটিও লাইনচ্যুত হয়।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দেশটি আজ একটি "গভীর যন্ত্রণার রাত" পার করবে। পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, ৩০ জনের বেশি গুরুতর আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ঘটনাটিকে "অত্যন্ত অস্বাভাবিক" বলে উল্লেখ করেছেন, যদিও আনুষ্ঠানিক কারণ এখনও অজানা। পুরো তদন্ত শেষ হতে অন্তত এক মাস লাগবে।
দুর্ঘটনাস্থলে প্রথমে উপস্থিত ছিলেন আদামুজের মেয়র রাফায়েল মোরেনো। তিনি পুরো দৃশ্যকে "একটি দুঃস্বপ্ন" বলে বর্ণনা করেছেন। আন্দালুসিয়ার জরুরি পরিষেবার তথ্য অনুযায়ী, এতে কমপক্ষে ৭৩ জন আহত হয়েছেন।
উদ্ধারকারী দল জানিয়েছে, ট্রেনের ধ্বংসাবশেষ একদম দুমড়ে-মুচড়ে যাওয়ায় জীবিত মানুষ ও মৃতদেহ খুঁজে বের করা খুবই কঠিন হয়ে পড়েছে। কর্ডোবার দমকল প্রধান ফ্রান্সিসকো কারমোনা বলেছেন, "জীবিত কারও কাছে পৌঁছানোর জন্য আমাদের একজন মৃত ব্যক্তিকেও সরাতে হয়েছে। এটি অত্যন্ত জটিল কাজ।"
বেসরকারি রেল কোম্পানি 'ইরিও' নিশ্চিত করেছে, মালাগা থেকে যাওয়া ট্রেনটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে সব রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সোমবারও তা বহাল থাকবে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য রাতারাতি টার্মিনাল খোলা রাখা হচ্ছে।
রাজা ফেলিপ ষষ্ঠ এবং রানী লেটিজিয়া বলেছেন, তারা "গভীর উদ্বেগের সাথে" ঘটনাটি অনুসরণ করছেন। রাজপ্রাসাদের পক্ষ থেকে নিহতদের পরিবার-স্বজনের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
একজন সাংবাদিক সালভাদোর জিমেনেজ, যিনি ট্রেনে ছিলেন, তিনি বলেন ধাক্কাটা "ভূমিকম্পের" মত অনুভূত হয়েছিল। তিনি বলেন, "এমন একটা মুহূর্ত এসেছিল যখন মনে হচ্ছিলো ভূমিকম্প হয়েছে আর ট্রেনটি সত্যিই লাইনচ্যুত হয়েছে।" তিনি বর্তমানে স্থানীয় একটি স্পোর্টস সেন্টারে নিয়ে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে আছেন।
স্প্যানিশ রেড ক্রস ঘটনাস্থলে জরুরি সহায়তা দিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কাউন্সেলিং সেবাও দিচ্ছে। রেড ক্রসের মিগুয়েল অ্যাঞ্জেল রদ্রিগেজ বলেছেন, "তথ্যের অভাবে পরিবারগুলো অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এগুলো খুবই কষ্টের মুহূর্ত।"