এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম
বিশ্ব এখন দ্রুত বদলে যাচ্ছে, আর এই পরিবর্তনে ইউরোপ আর আগের মতো নরম অবস্থানে থাকতে পারে না—এমন স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ফন ডের লায়েন। তাঁর ভাষায়, পৃথিবী এগোচ্ছে এমন এক নতুন ব্যবস্থার দিকে, যেখানে ‘নগ্ন শক্তি’—অর্থনৈতিক, সামরিক, প্রযুক্তিগত ও ভূরাজনৈতিক ক্ষমতাই শেষ কথা। এই বাস্তবতায় টিকে থাকতে হলে ইউরোপকে আরও কঠোর ও দৃঢ় হতে হবে।
বুধবার ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার এই পরিবর্তন কোনো সাময়িক ঝাঁকুনি নয়। তিনি স্পষ্ট করে বলেন,
‘এটা ভূমিকম্পের মতো কোনো এককালীন ধাক্কা নয়—এই পরিবর্তন স্থায়ী।’
ভাষণে তিনি গ্রিনল্যান্ড ঘিরে সাম্প্রতিক অস্থিরতা, ইউক্রেনে রাশিয়ার টানা আগ্রাসন এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার প্রসঙ্গ টানেন। এসব উদাহরণ তুলে ধরে ফন ডের লায়েন বলেন, এতদিন ইউরোপ যে সতর্ক ও সংযত নীতি অনুসরণ করেছে, সেখান থেকে বেরিয়ে আসার সময় এসে গেছে।
তিনি আরও বলেন, ‘আমরা এমন এক দুনিয়ায় বাস করছি, যেখানে শক্তিই শেষ সিদ্ধান্ত নেয়। এটা হয়তো আমাদের অনেকের পছন্দ নয়, কিন্তু বাস্তবতা এটাই—আর এই বাস্তবতার সঙ্গেই আমাদের লড়তে হবে।’
ইইউ প্রধানের এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে—আগামী দিনে ইউরোপ শুধু কূটনীতির ওপর ভরসা না রেখে অর্থনীতি, প্রতিরক্ষা ও কৌশলগত সক্ষমতা বাড়ানোর দিকেই বেশি মনোযোগ দেবে।