ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুদ্ধবিরতির প্রথম দিনেই ধোঁকা! সিরিয়ায় এসডিএফের ড্রোন হামলায় ১১ সেনা নিহত, শান্তি কি ভেঙে যাবে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

যুদ্ধবিরতির প্রথম দিনেই ধোঁকা! সিরিয়ায় এসডিএফের ড্রোন হামলায় ১১ সেনা নিহত, শান্তি কি ভেঙে যাবে

যুদ্ধবিরতি শুরু হওয়ার প্রথম দিনেই সিরিয়ায় আবার আগুন জ্বলে উঠেছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ/ওয়াইপিজি)-এর হামলায় ১১ জন সিরীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

বুধবার ২১ জানুয়ারি সিরিয়া সরকারের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
রাষ্ট্রায়ত্ত আল-আখবারিয়াহ টিভি জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের আল-ইয়ারুবিয়াহ এলাকায় সাতজন সেনা নিহত হন। এছাড়া হাসাকার দক্ষিণে মাউন্ট আবদুল আজিজ এলাকায় দুজন এবং আলেপ্পোর পূর্বে সিরিন এলাকায় আরও দুজন সেনা নিহত হয়েছেন।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, হাসাকার গ্রামাঞ্চলের আল-ইয়ারুবিয়াহ সীমান্ত ক্রসিংয়ের কাছে একটি গোলাবারুদ ঘাঁটিতে এসডিএফের ড্রোন হামলায় সাত সেনা নিহত এবং অন্তত ২০ জন আহত হন।

মন্ত্রণালয় বলছে, ওই এলাকায় সেনারা তল্লাশি চালানোর সময় বিস্ফোরক ও ড্রোন অস্ত্র তৈরির একটা কারখানা খুঁজে পায়। সেখানে ইরানে তৈরি একাধিক ড্রোন পাওয়া যায়, যেগুলো এসডিএফ অস্ত্রসজ্জিত করার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু কারখানাটির নিরাপত্তা নিশ্চিত করার সময়ই এসডিএফ একটা আত্মঘাতী ড্রোন হামলা চালায়। এতে সাত সেনা নিহত এবং ২০ জন আহত হন।

সিরীয় সেনাবাহিনীর অপারেশন কমান্ডের বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার মাত্র ২০ ঘণ্টার মধ্যেই এসডিএফ বাহিনী সেনাবাহিনীর বিভিন্ন অবস্থানে একাধিক হামলা চালায়। এসব হামলার মধ্যে ছিল—আলেপ্পোর পূর্বে সিরিন শহরের কাছে ড্রোন হামলা, আল-সানাআ গ্রাম ও আশপাশের পাহাড় থেকে ভারী অস্ত্রের গুলিবর্ষণ, হাসাকার আল-আলিয়াহ শস্য গুদামে আর্টিলারি হামলা, এবং আলেপ্পোর পূর্বাঞ্চলের খারাব আশিক গ্রামে গোলাবর্ষণ।

সিরিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, যুদ্ধবিরতির মধ্যেও এমন ধারাবাহিক হামলা স্পষ্ট প্রমাণ করে—দেশে অস্থিরতা বজায় রাখতে বিদ্রোহী গোষ্ঠীগুলো সংঘাতের পথ বেছে নিচ্ছে। সরকারের মতে, শান্তি প্রক্রিয়াকে ভণ্ডুল করার এই চেষ্টা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি।