ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

"নির্বাচনের পর বদলাবে চিত্র! বাংলাদেশ-ভারতের ক্রিকেট সম্পর্কে উন্নতির পূর্বাভাস আশরাফুলের"


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম

"নির্বাচনের পর বদলাবে চিত্র! বাংলাদেশ-ভারতের ক্রিকেট সম্পর্কে উন্নতির পূর্বাভাস আশরাফুলের"

বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন, ক্রিকেট ও রাজনীতিকে কখনোই এক করে দেখা উচিত নয়। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি ঘটবে। তার এই মন্তব্য আসে ঠিক তখনই, যখন বাংলাদেশ নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বলে সরকারি সিদ্ধান্ত ঘোষণা করেছে।

সাবেক এই অধিনায়ক বলেছেন, "এটাতে বিসিবি কি করবে, সরকারের থেকে আসছে সিদ্ধান্ত। আমার মনে হয় ২২ দিন পর নতুন সরকার আসবে। তখন হয়ত দুই দেশের কর্তৃপক্ষ আলোচনা করে ঠিক করে নিবে। আমার মনে হয় তখন একটা সমাধান হলে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে না। আর নতুন সরকার আসলে তো মনে করেন এই সরকারের সিদ্ধান্তের দায়ভার নেবে না।"
তিনি আরও যোগ করেন, "মোস্তাফিজকে বাদ দেওয়ার পর শুরু হলো ওইদিক থেকে। রাজনৈতিক বিষয় খেলায় আসুক আমরা তো চাই না। বিশ্বকাপ খেলতে না পারা দুঃখজনক। তবে আমি আশাবাদী নতুন সরকার আসলে দুই দেশ (ভারত-বাংলাদেশ) আলোচনা করে ঠিক করে নেবে সব কিছু।"

বৃহস্পতিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটারদের সাথে বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেন, ভারতের নিরাপত্তা পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় সেখানে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার 'কোনো সুযোগ নেই' বাংলাদেশের। এই প্রেক্ষাপটেই আশরাফুল তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

অন্যদিকে, বিসিবি সভাপতি নাজমুল হাসান বুলবুল জানিয়েছেন, বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে তারা 'লড়াই চালিয়ে যাবে'। তিনি পুনর্ব্যক্ত করেন, যদি ম্যাচগুলো শ্রীলঙ্কায় হয়, তাহলে বাংলাদেশ দল খেলতে প্রস্তুত আছে।

আশরাফুলের মতে, রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের মধ্যে আলোচনা হলে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার তাদের সিদ্ধান্তে অনড়। এখন দেখার বিষয়, আসলেই নির্বাচন পরবর্তী সময়ে দুই প্রতিবেশীর ক্রিকেট সম্পর্কে কোনো ইতিবাচক পরিবর্তন আসে কিনা।