ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কোচ সৌরভে বদলে গেছে প্রিটোরিয়া! শন পোলকের মুখে গাঙ্গুলীর প্রশংসায় ক্রিকেট দুনিয়ায় আলোড়ন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

কোচ সৌরভে বদলে গেছে প্রিটোরিয়া! শন পোলকের মুখে গাঙ্গুলীর প্রশংসায় ক্রিকেট দুনিয়ায় আলোড়ন

ভারতীয় ক্রিকেটকে একসময় নতুন আত্মবিশ্বাসে ভরিয়ে তুলেছিলেন সৌরভ গাঙ্গুলী। তাঁর নেতৃত্বেই বিদেশের মাটিতে চোখে চোখ রেখে লড়তে শেখে ভারত। শুরু হয় পাল্টা আক্রমণ, তৈরি হয় জয়ের নতুন ইতিহাস। ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠাও ছিল সেই যুগের বড় অর্জন।

এই সব কীর্তির কারণেই সৌরভ গাঙ্গুলী ভারতের কিংবদন্তি অধিনায়কদের কাতারে। অনেকেই মনে করতেন, তিনি কোচ হলেও সাফল্য এনে দিতে পারবেন। সেই ধারণাই এবার বাস্তবে প্রমাণ করলেন ‘মহারাজ’। এই প্রথম কোচের হট সিটে বসেই আলো ছড়ালেন তিনি—এমনটাই জানিয়েছে ইন্ডিয়া টুডে।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌরভ। আর দায়িত্ব নিয়েই দলকে তুলে এনেছেন ফাইনালে। চালকের আসনে বসলেই যে সৌরভ সফল হন, সেটাই যেন আবার দেখালেন।

এসএ-টোয়েন্টি লিগে কোচ হিসেবে সৌরভ গাঙ্গুলীর প্রথম অভিযানই বড় সাফল্যের দিকে যাচ্ছে। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রিটোরিয়া ক্যাপিটালসকে নতুন করে গড়ে তুলেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল সানরাইজার্স ইস্টার্ন কেপকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে প্রিটোরিয়া। উল্লেখ্য, এসএ-টোয়েন্টির ইতিহাসে এখনো শিরোপা জেতেনি দলটি।

প্রিটোরিয়ার কোচিং স্টাফে সৌরভের সহকারী দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার শন পোলক। একসময় মাঠে দু’জন ছিলেন প্রবল প্রতিদ্বন্দ্বী। এবার একই ডাগআউটে বসে কাজ করছেন। এক সাক্ষাৎকারে সৌরভের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন পোলক।

শন পোলক বলেন, “আমরা একসঙ্গে আবেগ ভাগ করি। এমন একজন মানুষের সঙ্গে কাজ করতে পারা সত্যিই দারুণ। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ধারাবাহিক থাকতে। আমাদের দু’জনেরই বয়স পঞ্চাশের ওপরে, তাই মূল লক্ষ্য একটাই—খেলোয়াড়দের সাহায্য করা, তাদের ওপর বিশ্বাস রাখা।”

তিনি আরও বলেন, “কখনো কখনো আমরা সবকিছু খেলোয়াড়দের হাতেই ছেড়ে দিই। দেখি, ওরা কী করে। আমাদের কোচিং ইউনিট খুবই শক্তিশালী। সবাই অসাধারণ খেলেছে। প্রতিটা ম্যাচ আমরা উপভোগ করেছি।”

পোলক স্পষ্ট করে জানিয়ে দেন, অতীত নিয়ে ভাবছে না প্রিটোরিয়া। তার ভাষায়, “সবচেয়ে বড় ব্যাপার হলো, আমরা ফাইনালে উঠেছি। এখন সামনে সুযোগ আছে, সেটাকে কাজে লাগাতে চাই।”

সব মিলিয়ে, কোচ সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দিচ্ছেন। আর তাতেই প্রিটোরিয়া ক্যাপিটালস দাঁড়িয়ে গেছে ইতিহাস গড়ার একদম দোরগোড়ায়।