এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম
এবার আর ছোট-খাটো বা সীমিত কোনো হামলাকেও ইগনোর করবে না ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে যেকোনো ধরনের হামলাই এখন "সর্বাত্মক যুদ্ধ" হিসেবে বিবেচিত হবে। আর এর জবাব দেওয়া হবে সবচেয়ে কঠোর ও ধ্বংসাত্মক উপায়ে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীসহ ভারী অস্ত্র মোতায়েনের পর এই রূঢ় হুঁশিয়ারি এলো তেহরান থেকে।
নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার (২৪ জানুয়ারি) রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই রণপ্রস্তুতি তারা যুদ্ধের উদ্দেশ্যে নেবে বলে আশা করেন না। কিন্তু তারপরও ইরানের সশস্ত্র বাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি জানান, দেশটিতে এখন সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি রয়েছে।
কর্মকর্তাটি জোর দিয়ে বলেন, এবার আর ইরান সংযম দেখাবে না। যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে সীমিত হোক বা বিস্তৃত, আকাশপথের হামলা হোক বা সার্জিক্যাল স্ট্রাইক – সবই এখন ইরানের কাছে সর্বাত্মক যুদ্ধ ঘোষণার সমান। তিনি বলেন, “এবার যে কোনো ধরনের হামলা—সীমিত, অসীমিত, সার্জিক্যাল কিংবা আকাশপথে হামলা—তারা এটিকে যাই বলুক না কেন, আমরা সবকিছুকেই সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করব। আর সেই অনুযায়ীই আমরা সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া জানাব।”
ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) মনে করে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উচিত হবে না ইরানের শক্তি সম্পর্কে বিভ্রান্তিতে ভোগা। গত জুন মাসে ইসরাইলের সাথে ইরানের যে ১২ দিনের সংঘাত হয়েছিল, সেখান থেকে পাওয়া অভিজ্ঞতা তাদের স্মরণে রাখা দরকার। কর্মকর্তা সতর্ক করে বলেন, “যদি তারা সেই স্মৃতি ভুলে যায়, তাহলে তাদের জন্য ফলাফল হবে অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক।”
এক বিবৃতিতে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, “আমরা যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানাতে চাই—ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস এবং আমাদের প্রিয় ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যদের আঙুল বন্দুকের ট্রিগারে আছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে আজ ইরান অনেক বেশি প্রস্তুত। আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও শীর্ষ কমান্ডার ইন চিফের আদেশ পালনের জন্য আমরা পুরোপুরি তৈরি।”