ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এই মুহূর্তে বিশ্বের সেরা দল আর্সেনাল—শিরোপা লড়াইয়ে সিটির আগে গানাররাই এগিয়ে, মানছেন গার্দিওলা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

এই মুহূর্তে বিশ্বের সেরা দল আর্সেনাল—শিরোপা লড়াইয়ে সিটির আগে গানাররাই এগিয়ে, মানছেন গার্দিওলা

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগ দায়িত্ব নেওয়ার সময় একটি মন্তব্য করে বেশ আলোচনায় এসেছিলেন। ম্যানচেস্টার সিটি ও লিভারপুলকে নিয়ে তিনি বলেছিলেন, ‘ম্যানচেস্টার সিটি ও লিভারপুল—দু’দলই প্রশংসার যোগ্য, তাদের ফুটবল সত্যিই দারুণ। তবে ফুটবলে কোনো যুগই চিরস্থায়ী নয়।’

টেন হাগের সেই কথাই কি এবার মনে পড়ছে কঠিন সময় পার করা সিটি কোচ পেপ গার্দিওলার? সোনালি সময় কি তবে ফুরিয়ে আসছে তাঁর দলের? আর সেই কারণেই কি শিরোপা প্রতিদ্বন্দ্বীর শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিচ্ছেন তিনি?

অবশ্য আলোচনা ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘিরে নয়। বরং উড়ন্ত ছন্দে থাকা আর্সেনালকে নিয়েই মুগ্ধ গার্দিওলা। ২০২৫–২৬ মৌসুমে অদম্য গানারদের থামানোর শক্তি কার? মিকেল আরতেতার দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে আর্সেনালকে ‘এই মুহূর্তে বিশ্বের সেরা দল’ বলে আখ্যা দিয়েছেন সিটি কোচ। — টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার চেয়ে সাত পয়েন্ট এগিয়ে আছে আর্সেনাল। শুধু লিগেই নয়, উয়েফা চ্যাম্পিয়নস লিগেও এখন পর্যন্ত তাদের হারাতে পারেনি কোনো দল। লিগ পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে থেকেই এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলো নিশ্চিত করেছে গানাররা। ঘরোয়া কাপগুলোতেও দারুণ ছন্দে রয়েছে দলটি। কারাবাও কাপের প্রথম লেগে চেলসির বিপক্ষে ৩–২ ব্যবধানে এগিয়ে আছে বুকায়ো সাকা–ডেকলান রাইসের দল।

রক্ষণভাগ, মাঝমাঠ কিংবা আক্রমণভাগ—সব জায়গাতেই আর্সেনালের দাপট চোখে পড়ছে। তাই দলটিকে সেরা বলতে একটুও দ্বিধা নেই গার্দিওলার। লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই মুহূর্তে তারা (আর্সেনাল) বিশ্বের সেরা দল। চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ আর [ইএফএল] কাপ—সব প্রতিযোগিতাতেই সেটা প্রমাণ করছে।’ এরপর রসিকতা করে যোগ করেন, ‘আশা করি আমরা তাদের কাছাকাছি থাকতে পারব। তারা যদি আমাদের একটু সুযোগ দেয়, সেটার সর্বোচ্চ ব্যবহার করতে চাই।’

অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে জয়হীন ম্যানচেস্টার সিটি। সবশেষ চ্যাম্পিয়নস লিগে তুলনামূলক দুর্বল নরওয়ের ক্লাব বোদো/গ্লিম্টের বিপক্ষে ৩–১ গোলের অপ্রত্যাশিত হার হজম করতে হয়েছে তাদের।

দলের এমন বাজে পারফরম্যান্সের কারণ নিজের জানা বলেই দাবি গার্দিওলার। তিনি বলেন, ‘আমি জানি আমরা কেন এখন লড়াই করছি। শতভাগ নিশ্চিতভাবেই জানি, দলের সঙ্গে কী হয়েছে। একটু সময় দরকার। আর্সেনালের জন্য এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু আমাদের জন্য এটা দুর্যোগ। আমাদের মানদণ্ড এতটাই উঁচু যে সামান্য ছন্দপতন বা প্রত্যাশিত ফল না পেলেই বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কেন আমরা ধারাবাহিক হতে পারছি না বা কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না, সেটার কারণ আমি জানি।’

প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা আর্লিং হলান্ড। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে ছন্দে নেই নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচে মাত্র একটি গোল করেছেন তিনি। মাঝ সপ্তাহে ইউরোপিয়ান ম্যাচে হারের পর ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছিলেন হলান্ড।

তবে গার্দিওলা সাফ জানিয়ে দিয়েছেন, হলান্ডের ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তাঁর ভাষায়, ‘আর্লিংয়ের ক্ষমা চাওয়ার কিছুই নেই। সে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। দল জিততে না পারলে সেটা একজন খেলোয়াড়ের দায় নয়—এটা পুরো দলের দায়িত্ব। ক্ষমা চাইতে হয় তখনই, যখন কেউ নিজের সেরাটা দেয় না। এখানে সেটা হয়নি।’