এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম
এল আর বাদল: সাফ ফুটসালের প্রথম আসরেই বাংলাদেশ নারী দল ইতিহাস গড়ে ফেলল! সাবিনা খাতুনের নেতৃত্বে দলটা শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছে। ফাইনালে মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করে শিরোপা নিজেদের করে নিলো লাল-সবুজের মেয়েরা।
থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে রোববারের এই ম্যাচে জিতলেই শিরোপা—এমন সমীকরণ নিয়ে নামে বাংলাদেশ। শুরুতে অবশ্য এক গোল হজম করে পিছিয়ে পড়ে দল।
কিন্তু সেই গোলই যেন ঘুম ভাঙিয়ে দিলো মেয়েদের। এরপর আর পেছনে ফিরে তাকায়নি কেউ। একের পর এক গোল করে মালদ্বীপকে চেপে ধরে। সাবিনা খাতুন একাই হ্যাটট্রিক করেন। শেষ পর্যন্ত ১৪-২ গোলের বিশাল জয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যায়।
টুর্নামেন্টের শুরুতেই বাংলাদেশ ভারতকে ৩-১ গোলে হারিয়ে দারুণ শুরু করে। পরের ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে একটু চাপে পড়ে যায় দল। কিন্তু এরপর আর কোনো ভুল করেনি মেয়েরা।
নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ আর পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে। আর শেষ ম্যাচে ১২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে ফেললো।
একই আসরে পুরুষ দল ব্যর্থ হলেও নারী দল ঠিকই দেশের মুখ উজ্জ্বল করে দিলো। সাবিনা খাতুনের দলের এই জয় বাংলাদেশের ফুটসাল ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে!