এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম আবারও অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
আমজাদ হোসেন বলেন, “নাজমুল ইসলামকে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, তিনি তার জবাব শৃঙ্খলা বিভাগের কাছে পাঠিয়েছেন। ডিসিপ্লিন কমিটি সেই জবাব পর্যালোচনা করে সন্তোষজনক মনে করেছে।
”
নাজমুল ইসলামকে নিয়ে বিতর্ক শুরু হয় ক্রিকেটারদের নিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করার পর। এর আগে ফেসবুক পোস্টে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে সমালোচনার মুখে পড়েন তিনি। এসব কথায় ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া হয়।
ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন নাজমুলের পদত্যাগ দাবি করেন। প্রতিবাদে ১৫ জানুয়ারি বিপিএল বয়কট করেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজসহ আরও অনেক ক্রিকেটার। এতে বিপিএলের কয়েকটা ম্যাচ স্থগিত হয়ে যায় এবং পরে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় বিসিবি।
পরে বিসিবি ও কোয়াবের বৈঠকের পর শর্তসাপেক্ষে খেলায় ফেরেন ক্রিকেটাররা।
এর মধ্যে বিসিবি নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চায়। নির্ধারিত সময়ের পর তিনি জবাব জমা দেন। ডিসিপ্লিন কমিটি সেটা সন্তোষজনক বলে গ্রহণ করে।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো নির্বাচিত পরিচালককে সহজে পদ থেকে সরানো যায় না। মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাজনিত শাস্তি, দেউলিয়া হওয়া অথবা পরপর তিনটা বোর্ড সভায় অনুপস্থিত থাকলেই কেবল পদ শূন্য ঘোষণা করা যায়। এ কারণেই নিয়ম মেনে নাজমুল ইসলাম তার অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ নিয়ে নাজমুলের মন্তব্য ক্রিকেটারদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। সেই মন্তব্যই শেষ পর্যন্ত বিপিএল বয়কট ও বড় অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়।