এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম
ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটসাল দলের সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের ঘটনায় তিনি তার অভিনন্দন বার্তা পাঠান।
রোববার (২৫ জানুয়ারি) দেওয়া এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, "সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অসাধারণ খেলার মাধ্যমে বাংলাদেশের মেয়েরা যে শিরোপা জিতেছে, তা দেশের পুরো ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়।"
তিনি এই সাফল্যকে বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, নিরলস পরিশ্রম এবং অদম্য সক্ষমতার উজ্জ্বল নিদর্শন হিসেবে উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা বিজয়ী দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, "এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।"
তিনি ভবিষ্যতে দেশের নারী ক্রীড়াবিদদের এমনই ধারাবাহিক সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, ব্যাংককে অনুষ্ঠিত প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের নারী দল মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে নেয়। এটি বাংলাদেশ নারী ফুটসালের জন্য একটি ঐতিহাসিক সাফল্য।