এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২৬, ১১:০১ পিএম
ইউক্রেনে চলা যুদ্ধ থামাতে বিশ্বকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পোপ লিও। রবিবার (২৫ জানুয়ারি) তার সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনায় তিনি এই কথা বলেন।
পোপ বলেন, রাশিয়ার হামলার কারণে কিয়েভের সাধারণ মানুষ এখন শীতের তীব্র কষ্টে পড়েছে। বিদ্যুৎ আর পানির অভাবে জীবন আরও কঠিন হয়ে উঠেছে। বেসামরিক মানুষের ওপর হামলার প্রভাব ক্রমশ বাড়ছে। মানবতা ও সাম্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ বন্ধ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই শনিবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় সংযুক্ত আরব আমিরাতে বৈঠক চলাকালীন রাশিয়া ইউক্রেনে ভয়াবহ হামলা চালায়। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার পর কিয়েভে বিদ্যুৎ ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক্স-এ পোস্ট করে বলেন,
“এই বর্বর হামলা আবারও প্রমাণ করেছে, পুতিনের স্থান শান্তির টেবিলে নয়, বরং বিশেষ ট্রাইব্যুনালের কাঠগড়ায়।”