ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা এখনো অনিশ্চিত! খেলোয়াড়দের সরাসরি জানিয়ে দিল পিসিবি—সবকিছু সরকারের হাতে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৬, ০৩:০১ পিএম

পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা এখনো অনিশ্চিত! খেলোয়াড়দের সরাসরি জানিয়ে দিল পিসিবি—সবকিছু সরকারের হাতে

দল ঘোষণা হয়ে গেলেও পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি খেলোয়াড়দের সরাসরি জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে যাবে কি না—সেটা পুরোপুরি নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

রোববার লাহোরে ১৫ সদস্যের দল ঘোষণার পরপরই নাকভি জাতীয় দলের খেলোয়াড় ও প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে তিনি খুব স্পষ্ট করে বলেন, দল ঘোষণা করা মানে বিশ্বকাপে খেলার চূড়ান্ত অনুমতি নয়।
পিসিবি সূত্র জানায়, বৈঠকে নাকভি পুরো পরিস্থিতি খেলোয়াড়দের সামনে খোলাসা করে তুলে ধরেন। 

বিশেষ করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া এবং স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সিদ্ধান্তের রাজনৈতিক ও কূটনৈতিক দিকগুলোও খেলোয়াড়দের বোঝানো হয়।
নাকভি খেলোয়াড়দের বলেন, “আমরা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি। সরকার যা বলবে, সেটাই আমরা মানব। যদি তারা বিশ্বকাপে যেতে না বলে, সেটাও আমরা মেনে নেব।”

বৈঠকে উপস্থিত খেলোয়াড়রা বোর্ডের এই অবস্থানকে পুরোপুরি সমর্থন জানান। একাধিক সূত্রের দাবি, খেলোয়াড়রা নাকভিকে বলেন, “আপনি ও সরকার যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটাকেই সমর্থন করব।”
এই অবস্থান থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, প্রয়োজনে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের পথে হাঁটতে পারে।
নাকভি আরও জানান, বাংলাদেশ ইস্যুতে পিসিবির অবস্থান কেন তারা ‘অন্যায়’ মনে করছে, সেটিও খেলোয়াড়দের বোঝানো হয়েছে। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে ভারত সফর থেকে বাদ দেওয়ার আইসিসির সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়।

সব মিলিয়ে কাগজে-কলমে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা প্রস্তুত থাকলেও বাস্তবে তা পুরোপুরি নির্ভর করছে সরকারের চূড়ান্ত ঘোষণার ওপর। আনুষ্ঠানিক সংকেত না আসা পর্যন্ত পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকছেই।