এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৩:০১ পিএম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ পড়া নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন পাকিস্তানের সাবেক কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। কিন্তু সেই পোস্টের জেরে অনলাইনে কটু মন্তব্য ও গালাগালির শিকার হয়ে শেষ পর্যন্ত টুইটটি মুছে ফেলতে বাধ্য হয়েছেন তিনি। পরে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন গিলেস্পি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে খেলতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে নিরপেক্ষ ভেন্যুতে—বিশেষ করে শ্রীলঙ্কায়—ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল। কিন্তু আইসিসি সেই প্রস্তাবে সায় না দিয়ে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্ত নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন গিলেস্পি।
এখন মুছে ফেলা সেই পোস্টে গিলেস্পি লিখেছিলেন, “আইসিসি কি ব্যাখ্যা দিয়েছে কেন বাংলাদেশ ভারতের বাইরে তাদের ম্যাচ খেলতে পারল না? আমার মনে পড়ে, এক সময় ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তখন তাদের বাইরে খেলতে অনুমতি দেওয়া হয়েছিল। কেউ কি বিষয়টা পরিষ্কার করে বলতে পারেন?”
গিলেস্পির এই প্রশ্নের উদ্দেশ্য ছিল আইসিসির সিদ্ধান্ত গ্রহণের নীতিমালা বোঝা। অতীতে অনুরূপ পরিস্থিতিতে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হলেও এবার কেন বাংলাদেশ সেই সুযোগ পেল না—সেটিই জানতে চেয়েছিলেন তিনি।
কিন্তু এই প্রশ্ন তোলার পরই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও আক্রমণের মুখে পড়েন ৫০ বছর বয়সী এই সাবেক পেসার। এক ব্যবহারকারী যখন জানতে চান কেন তিনি পোস্টটি মুছে ফেলেছেন, তখন গিলেস্পি স্পষ্ট ভাষায় বলেন, “একটা সাধারণ প্রশ্ন করার জন্য আমাকে গালাগালি করা হয়েছে—এই কারণেই পোস্টটি মুছে ফেলেছি।”
আইসিসি শনিবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিসিবির সঙ্গে দীর্ঘ আলোচনার পরও সমঝোতা না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
এই সিদ্ধান্তের পর বিশ্ব ক্রিকেটে আইসিসির দুমুখো আচরণের অভিযোগ আবারও সামনে এসেছে। আর সেই বিতর্কের মাঝেই জেসন গিলেস্পির মতো সাবেক ক্রিকেটারদের প্রশ্ন ও প্রতিক্রিয়া আলোচনাকে আরও উসকে দিয়েছে।