এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৩:০১ পিএম
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকির সরাসরি জবাবে তেহরানের কেন্দ্রে একটি ভয়ংকর বিলবোর্ড উন্মোচন করেছে ইরান। রোববার রাজধানীর গুরুত্বপূর্ণ এনঘেলাব (বিপ্লব) স্কয়ারে স্থাপিত এই বিলবোর্ডটিকে ওয়াশিংটনের প্রতি কঠোর সতর্কবার্তা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।
দ্য ক্যাস্পিয়ান পোস্ট ও ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী, বিলবোর্ডটিতে একটি মার্কিন বিমানবাহী রণতরীকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা যাচ্ছে। বিধ্বস্ত ডেকে বিস্ফোরিত যুদ্ধবিমান, রক্তাক্ত দেহ এবং লাল-সাদা রক্তের ধারা— যেটা যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার ডোরার আদলে ফুটিয়ে তোলা হয়েছে— সব মিলিয়ে এটি যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।
এনঘেলাব স্কয়ার ইরানে সাধারণত সরকারি অনুষ্ঠান বা জাতীয় গুরুত্বের বার্তা প্রচারের জন্য ব্যবহৃত হয়। দেশ ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় এখানকার দেয়ালচিত্র বা বিলবোর্ডগুলো পরিবর্তন করা হয়ে থাকে।
এই প্রতীকী প্রদর্শনী এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানকে পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, "আমরা ইরানকে কড়া নজরে রাখছি। বিশাল একটি নৌবহর ওই দিকে যাচ্ছে—যদি দরকার হয়।"
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে করা যেকোনো সামরিক হামলা গত জুনে করা মার্কিন হামলাকে "বাদামের মতো তুচ্ছ" করে দেবে।
এই হুমকির জবাবে ইতোমধ্যেই শনিবার ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে দিয়েছেন। তার বক্তব্য ছিল, "কোনো ভুল হিসাব করবেন না। আমাদের বাহিনী এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত—ট্রিগারে আঙুল রেখে।"
গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নতুন করে হামলা হলে ইসলামি প্রজাতন্ত্র "সবকিছু দিয়ে পাল্টা জবাব দেবে।"
বিশ্লেষকদের মতে, তেহরানের এই বিলবোর্ড শুধু প্রতীকী প্রতিবাদ নয়; এটি একটি পরিষ্কার বার্তা যে, ইরান এখন আর শুধু হুমকিতে ভয় পায় না, বরং যেকোনো আক্রমণের মোকাবিলায় পূর্ণ প্রস্তুত।