এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম
অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকারকর্মীদের হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যায়, ইসরায়েলের চরম ডানপন্থি টিকটকার রই স্টার একদল মানবাধিকার কর্মীর সঙ্গে প্রকাশ্যে আগ্রাসী আচরণ করছেন। গত সপ্তাহে তিনি পশ্চিম তীরের একটি বাড়িতে জোরপূর্বক ঢুকে সেখানে অবস্থানরত কর্মীদের ভয়ভীতি ও হুমকি দেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাস আল-আউজা এলাকায় একটি বাড়িতে অনধিকার প্রবেশ করেন রই স্টার। ভেতরে ঢুকেই তিনি কর্মীদের সঙ্গে তর্কে জড়ান এবং উত্তেজনাকর আচরণ শুরু করেন। মানবাধিকার কর্মীরা বারবার তাকে জানান, তিনি ব্যক্তিগত সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ করেছেন এবং অনুরোধ করেন সেখান থেকে চলে যেতে।
কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে স্টার আরও ভেতরে ঢুকে পড়েন। একপর্যায়ে তার হাতে পেপার স্প্রে দেখা যায়। ভিডিওতে তিনি এক মানবাধিকার কর্মীর দিকে তাকিয়ে হুমকির সুরে প্রশ্ন করেন, “তুমি কি এখানে শান্তির জন্য এসেছ, নাকি যুদ্ধের জন্য?”
এরপর আরও উত্তেজিত হয়ে তিনি বলেন, “যদি যুদ্ধ চাও, তাহলে যুদ্ধই পাবে।” শুধু কথার মধ্যেই থেমে থাকেননি স্টার। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, তাকে থামানোর চেষ্টা করা একাধিক কর্মীর ওপর তিনি পেপার স্প্রে ব্যবহার করেন।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ইসরায়েলের ভেতরেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেক ইসরায়েলি নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাকে লজ্জাজনক ও উগ্রবাদী আচরণ বলে নিন্দা জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এমন ঘটনা দখলদার মানসিকতার বাস্তব চিত্র তুলে ধরে এবং অধিকৃত অঞ্চলে মানবাধিকারকর্মীদের নিরাপত্তা যে কতটা ঝুঁকির মধ্যে রয়েছে, তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।