ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরাইলি আগ্রাসনে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, ডাম্পের পাশের তাঁবুতে মানবেতর জীবন, ইনহেলার নিয়ে লড়াই


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

ইসরাইলি আগ্রাসনে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, ডাম্পের পাশের তাঁবুতে মানবেতর জীবন, ইনহেলার নিয়ে লড়াই

ইসরাইলের চলমান যুদ্ধ গাজা উপত্যকাকে এক ভয়াবহ গণস্বাস্থ্য সংকটের দিকে ঠেলে দিয়েছে। যুদ্ধের ধ্বংসস্তূপ, জমে থাকা পচা আবর্জনা, নষ্ট নর্দমা এবং পুরোপুরি ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থার কারণে সেখানে মহামারীর মতো রোগ ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে অবরুদ্ধ গাজা এখন এক গভীর মানবিক বিপর্যয়ের কিনারায় দাঁড়িয়ে।

ইসরাইলের হামলা শুরুর পর থেকে আবু আমরের পরিবারকে ১৭ বারেরও বেশি জায়গা বদল করতে হয়েছে। প্রতিবারই তাদের বসবাসের পরিবেশ আরও খারাপের দিকে গেছে। এখন তারা মধ্য গাজার দাইর আল-বালাহ এলাকার রেমাল নামক জায়গায় একটি বিশাল আবর্জনার ডাম্পের পাশে খাটানো একটি তাঁবুতে দিন কাটাচ্ছেন। এটি গাজার সেই কয়েকটি জায়গার একটি, যেখানে তারা ঠাঁই পেয়েছেন।

এই পরিবারের জন্য এখন বেঁচে থাকাটাই যেন দূষণ, নানা রোগ আর চরম দুর্দশার বিরুদ্ধে এক নিত্যদিনের যুদ্ধ।

বেইত লাহিয়া থেকে উচ্ছেদ হয়ে এখন গাজা সিটিতে থাকা সাদা আবু আমর বলেন, "আমরা সব সময় বলি, আমরা দুটো যুদ্ধের মধ্যে আছি—একটা বোমা দিয়ে আমাদের মেরে ফেলছে, আর অন্যটা এই ময়লা-আবর্জনার সঙ্গে যুদ্ধ।"

তিনি আরও বলেন, "আমার অ্যাজমা আছে। তাই সব সময় ইনহেলার সঙ্গে রাখি। রাতে বালিশের নিচে রেখে ঘুমাই। ময়লার ভয়ঙ্কর গন্ধে যখন শ্বাস নিতে কষ্ট হয়, তখন বারবার ইনহেলার ব্যবহার করতে হয়।"

তার পুত্রবধূ, পাঁচ সন্তানের মা সুরাইয়া আবু আমর জানান, এই পরিস্থিতিতে সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "যে সামান্য পরিষ্কার-পরিচ্ছন্নতার জিনিস পাই, তাই ব্যবহার করি। কিন্তু তাঁবুর মধ্যে কিছুই ঠিকভাবে পরিষ্কার রাখা যায় না। পানির ভয়াবহ অভাবের কারণে আমাদের পরিবারের সদস্যরা প্রতি মাসেই কয়েকবার পেটের পীড়ায় আক্রান্ত হয়।"

তিনি আরও মর্মস্পর্শী বর্ণনা দেন কীভাবে তাকে কয়েক ডজন মানুষের সঙ্গে মাত্র একটি টয়লেট ভাগ করে নিতে হচ্ছে।