এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। বিশ্বকাপ থেকে বাদ পড়ার দিনেই বিসিবি জাতীয় দলে তার ফেরার দরজা খুলে দিয়েছিল। কয়েকদিন আগে সংবাদ সম্মেলনে বিসিবি জানিয়েছিল, ফিট থাকলে এখন থেকে সাকিবকে জাতীয় দলের জন্য নির্বাচকরা বিবেচনা করবে। তখন অনেকেই এই ঘোষণার তীব্র সমালোচনা করেছিলেন।
কেউ কেউ বলেছিলেন, বিশ্বকাপে বাংলাদেশের খারাপ পারফরম্যান্সের আলোচনা ঢাকতে বিসিবি সাকিবের নাম সামনে এনেছে। কিন্তু এখন সাকিবের মাগুরার বাড়িতে গিয়ে যা দেখা গেছে, তাতে ভক্তরা খুশি হয়ে উঠতে পারেন!
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সাকিবের শহরের সাহা পাড়ার বাড়িতে এখন পরিষ্কার-পরিচ্ছন্নতা আর প্রধান গেটের সংস্কারের কাজ চলছে জোরেশোরে।
সেখানে কাজ করা ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদ বললেন, “সাকিব আল হাসান আসবে এমনটাই জেনেছি। তাই বাড়ির প্রধান গেট মেরামতের কাজ করছি।”
তবে সাকিবের দেশে ফেরার বিষয়ে নিশ্চিত কিছু জানতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা গেলেও তাদের পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সাকিব আর দেশে ফেরেননি। এখন তিনি বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যাচ্ছেন। ভক্তরা এখন অপেক্ষায়—সত্যিই কি বাড়ির সংস্কার মানে সাকিবের দেশে ফেরা?