ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পশ্চিমা নীতির নিষ্ঠুর খেসারত! ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৫০ অভিবাসীর মর্মান্তিক মৃত্যু


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:০১ এএম

পশ্চিমা নীতির নিষ্ঠুর খেসারত! ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৫০ অভিবাসীর মর্মান্তিক মৃত্যু

ভূমধ্যসাগরে আরেকটা ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। অন্তত ৫০ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ডুবে যাওয়া নৌকা থেকে একজনকে জীবিত উদ্ধার করা গেছে। ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সংবাদমাধ্যম টাইমস অব মাল্টা এই খবর জানিয়েছে।

মাল্টার সামরিক বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেছেন, প্রায় ২৪ ঘণ্টা ধরে তিনি সাগরে ভেসে ছিলেন। শেষ পর্যন্ত তিউনিশিয়ার দিকে যাওয়া একটা বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। তার কথা অনুযায়ী, নৌকায় থাকা অন্তত ৫০ জন অভিবাসনপ্রত্যাশী সাগরে ডুবে মারা গেছেন।

নৌকাটি উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করেছিল। উন্নত জীবনের আশায় ইউরোপে পৌঁছানোর জন্য উত্তর আফ্রিকার উপকূল থেকে এমন ঝুঁকিপূর্ণ যাত্রা নতুন কিছু নয়। পশ্চিমা দেশগুলোর কঠোর অভিবাসন নীতি, যুদ্ধ আর নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মানুষেরা বাধ্য হয়ে জীবন বাজি রেখে সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছেন।

উদ্ধার হওয়া ব্যক্তি কোন দেশের নাগরিক আর নৌকায় কোন কোন দেশের মানুষ ছিলেন—এসব বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ছোট-ছোট অনিরাপদ নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করেন। এর পেছনে বড় ভূমিকা রাখছে পশ্চিমা দেশগুলোর সৃষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট।

২০১৪ সাল থেকে এই অভিবাসন পথ পর্যবেক্ষণ করছে বেসরকারি সংস্থা ‘মিসিং মাইগ্রেন্টস’। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় মোট ৩৩ হাজার ৩২৬ জন নিহত হয়েছেন বা নিখোঁজ রয়েছেন।