ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আল জাজিরার খবর, বিপ্লব স্কয়ারে বিশাল বিলবোর্ডে মার্কিন বিমানবাহী জাহাজ ধ্বংসের ছবি, সামরিক কর্মকর্তারা বলছেন 'পূর্ণ প্রস্তুত'


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

আল জাজিরার খবর, বিপ্লব স্কয়ারে বিশাল বিলবোর্ডে মার্কিন বিমানবাহী জাহাজ ধ্বংসের ছবি, সামরিক কর্মকর্তারা বলছেন 'পূর্ণ প্রস্তুত'

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা ক্রমশ বাড়ায় আবারও ভয়ংকর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের স্পষ্ট ঘোষণা, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি আক্রমণ করে, তাহলে তার জবাব হবে এতটাই ভয়াবহ যে তা এক 'প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের' মতো তাদের ওপর আছড়ে পড়বে। এদিকে, দেশজুড়ে চলমান বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে আরও বহু মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। ইন্টারনেট বন্ধ ও সীমিত থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত রোববার তেহরানের কেন্দ্রীয় এঙ্গেলাব (বিপ্লব) স্কয়ারে একটি বিশাল প্রতীকী বিলবোর্ড উন্মোচন করেছে নগর কর্তৃপক্ষ। এটি ইরানের উপকূলের কাছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও সহায়ক যুদ্ধজাহাজ পাঠানোর সরাসরি জবাব হিসেবে দেখা হচ্ছে।

বিলবোর্ডে উপরে থেকে তোলা একটি বিমানবাহী রণতরীর ছবি ছিল, যার ডেক জুড়ে পড়ে আছে বিধ্বস্ত যুদ্ধবিমান। চারপাশের সমুদ্রের পানিতে মিশে থাকা রক্তে ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রের পতাকার নকশা—একটি পরিষ্কার ও শক্ত বার্তা। বিলবোর্ডে ফারসি ও ইংরেজিতে লেখা ছিল: "বাতাসে যারা বিষের বীজ বোনে, তাদের কপালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ই জোটে।" বাইবেলের হোসিয়া অধ্যায় থেকে নেওয়া এই উক্তির মূল কথাই হলো—অন্যায় আগ্রাসনের ফল ভয়ঙ্কর হয়।

সোমবার ইরানের শীর্ষ সামরিক কর্তারাও একই সুরে কথা বলেছেন। তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে হামলা চালালে ইরান যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাতের অভিজ্ঞতার কথা টেনে তারা বলেছেন, প্রয়োজনে আরও কঠোর জবাব দেওয়া হবে। একই দিনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, হামলা হলে তাদের প্রতিক্রিয়া হবে 'সমগ্র ও অনুতাপহীন'।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, এই ধরনের আগ্রাসী তৎপরতা পুরো অঞ্চলের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলবে। তিনি জানান, বিভিন্ন আঞ্চলিক শক্তি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করছে—এই প্রেক্ষাপটেই ইরানের এই সতর্কবার্তা। উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন, একটি মার্কিন 'আর্মাডা' পারস্য উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে।