ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিশ্বের তলানিতে বিপিএল! দ্য ক্রিকেটার্সের বিশ্লেষণে চমকে দেওয়া র‍্যাঙ্কিং, প্রশ্নে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:০১ পিএম

বিশ্বের তলানিতে বিপিএল! দ্য ক্রিকেটার্সের বিশ্লেষণে চমকে দেওয়া র‍্যাঙ্কিং, প্রশ্নে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক ম্যাগাজিন দ্য ক্রিকেটার চারটি নির্দিষ্ট মানদণ্ডে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের মূল্যায়ন করেছে। এই মানদণ্ডগুলো হলো—বিনোদনমূল্য, ক্রিকেটের মান, স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক অবস্থান। দশটি জনপ্রিয় লিগ নিয়ে করা এই বিশ্লেষণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তিনটি ক্যাটাগরিতেই পেয়েছে সর্বনিম্ন, অর্থাৎ দশম স্থান।

শুধু স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতার দিক থেকে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি রয়েছে দশম স্থানে, সেখানে বিপিএল অবস্থান করছে নবমে। তবে সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে বিপিএলই তালিকার একেবারে তলানিতে।

সামগ্রিক বিচারে বিপিএলের চেয়ে এগিয়ে রয়েছে ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকার এসএ টি–টোয়েন্টি, ইংল্যান্ডের দ্য হানড্রেড তো বটেই—এমনকি শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটও। —ডেইলি স্টার

প্রত্যাশিতভাবেই বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ ভারতের আইপিএল রয়েছে শীর্ষে। তার পরেই অবস্থান দক্ষিণ আফ্রিকার এসএ টি–টোয়েন্টির। ক্রিকেটের মান ও গ্রহণযোগ্যতায় আইপিএল এক নম্বরে থাকলেও বিনোদনের দিক থেকে এসএ টি–টোয়েন্টিকে শীর্ষে রাখা হয়েছে।

দ্য ক্রিকেটার তাদের বিশ্লেষণে জানিয়েছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণেই লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কম রেটিং পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, “সবচেয়ে নিচে থাকা দুটি টুর্নামেন্ট ছিল এলপিএল ও বিপিএল, যেগুলোর সঙ্গেই আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ লেগে আছে।”

তারা আরও উল্লেখ করেছে, দুই টুর্নামেন্টেরই ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে—বিশেষ করে ১৭ কোটির বেশি জনসংখ্যার বাংলাদেশে। কিন্তু একই সমস্যায় বারবার ধাক্কা খাচ্ছে বিপিএল ও এলপিএল—ফ্র্যাঞ্চাইজি মালিকানায় ঘন ঘন পরিবর্তন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব, খেলোয়াড়দের অতিরিক্ত দলবদল এবং বৈশ্বিক ক্রিকেট ক্যালেন্ডারে অস্থির সময়সূচি।

সব মিলিয়ে সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে এলপিএল নবম স্থানে থাকলেও বিপিএল রয়েছে দশম, অর্থাৎ বিশ্বের সবচেয়ে নিচের সারির ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকায়।