ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আইসিসি র‍্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েদের দাপট, সুপ্তার বিশাল লাফে উচ্ছ্বাস, রাবেয়ার র‌্যাঙ্কিংয়ে সুখবর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৬, ০১:০১ পিএম

আইসিসি র‍্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েদের দাপট, সুপ্তার বিশাল লাফে উচ্ছ্বাস, রাবেয়ার র‌্যাঙ্কিংয়ে সুখবর

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সর্বশেষ আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে একাধিক বাংলাদেশি খেলোয়াড়ের।

নেপালে চলমান বাছাইপর্বে এখনো অপরাজিত রয়েছে বাংলাদেশ নারী দল। এই ধারাবাহিক সাফল্যের ফলে বছরের মাঝামাঝিতে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার দোরগোড়ায় দাঁড়িয়ে লাল-সবুজের মেয়েরা।

ব্যাট হাতে দলের নেতৃত্ব দিচ্ছেন ওপেনার শারমিন আক্তার সুপ্তা। চার ইনিংসে ১৫৬ রান করে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ডানহাতি এই ব্যাটার যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ফিফটি হাঁকিয়েছেন। এর ফলেই আইসিসি র‍্যাংকিংয়ে ২২ ধাপ লাফ দিয়ে এখন তিনি অবস্থান করছেন ৩৫তম স্থানে।

আরেক ব্যাটার সোবহানা মোস্তারি ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে র‍্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫২তম অবস্থানে।

বোলিং র‍্যাংকিংয়েও এসেছে সুখবর। স্পিনার রাবেয়া খান প্রথম চার ম্যাচে ৭ উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে উঠে এখন ১৪তম স্থানে। পাশাপাশি ফাহিমা খাতুনও দারুণ উন্নতি করে ৬ ধাপ এগিয়ে ৩০তম অবস্থানে জায়গা করে নিয়েছেন।

আগামী বুধবার (২৮ জানুয়ারি) নেপালের মুলপানিতে সুপার সিক্সের ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। এরপর শুক্রবার (৩০ জানুয়ারি) কির্তিপুরে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। সুপার সিক্সের শেষ ম্যাচে রোববার (১ ফেব্রুয়ারি) মুলপানিতেই নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

সুপার সিক্স পর্বের শীর্ষ চার দল সরাসরি আগামী আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাবে। এরই মধ্যে আটটি দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।