এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৬, ০১:০১ পিএম
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়াকে 'ক্রিকেটের জন্য খুবই বাজে দৃষ্টান্ত' বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তার মতে, পরিস্থিতি কখনোই এমন জায়গায় পৌঁছানো উচিত ছিল না।
তার ভেরিফায়েড ফেসবুক পেজে '৩৬০ লাইভ' নামের একটি লাইভ সেশনে ডি ভিলিয়ার্সকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি তিনি কীভাবে দেখেন? উত্তরে সাবেক এই অধিনায়ক বলেন, "আমি এখানে পক্ষপাতিত্ব করতে চাই না, তাই নিউট্রাল থাকবই। এটা একইসাথে রাজনীতি এবং ব্যক্তিগত বিষয়। এর ওপর মন্তব্য করার মতো যথেষ্ট তথ্য আমার কাছে নেই।"
গত শনিবারই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা দেয়, শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও আইসিসি তা মানেনি।
আইসিসি ও বিসিবির মধ্যে কয়েক সপ্তাহের টানাপড়েনের পরই এই চূড়ান্ত সিদ্ধান্ত আসে। পুরো বিতর্কের শুরুটা হয় ৩ জানুয়ারি, যখন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছাঁটাই করে। এর ঠিক পরদিন, ৪ জানুয়ারি, নিরাপত্তা ঝুঁকির কথা বলে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোথাও সরানোর আবেদন জানায়।
কিন্তু চূড়ান্ত বিবৃতিতে আইসিসি জানায়, ভারতে বাংলাদেশ দলের জন্য তারা কোনো "বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি" খুঁজে পায়নি।
এই প্রেক্ষাপটেই এবি ডি ভিলিয়ার্স পরিষ্কার করে বলেন, বিষয়টি এতদূর গড়ানো উচিত হয়নি। "আমি যা জানি, তা হলো—এটা খুবই দুঃখজনক। কোনো দলকে এমন পরিস্থিতিতে টুর্নামেন্ট থেকে সরে যেতে বাধ্য করা কখনোই ঠিক না। এটা আমাদের ক্রিকেট খেলার জন্যই বাজে এক চিত্র।"
তিনি আরও যোগ করেন, "যারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, তাদেরই বিষয়টা মিটমাট করতে হবে। আমি একদমই পছন্দ করি না যখন ক্রিকেটে এত রাজনীতি ঢুকে পড়ে। এটা সত্যিই খুব দুঃখজনক।"