এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৬, ০১:০১ পিএম
ফুটবল বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা থাকলেও ব্রাজিলের একটি স্বপ্ন এখনো অপূর্ণ—ক্লাব বিশ্বকাপ আয়োজন। সেই ইচ্ছা পূরণ করতেই এবার ২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ফুটবলের এই পরাশক্তি।
ইতোমধ্যে পুরুষদের ফুটবল বিশ্বকাপ দুইবার আয়োজন করেছে ব্রাজিল। সামনে তারা নারী ফুটবল বিশ্বকাপেরও স্বাগতিক। এবার তাদের নজর ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে।
নিজেদের আগ্রহের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ফিফাকে জানিয়েছে ব্রাজিল। রিও দে জেনেইরোতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
নারী বিশ্বকাপের প্রস্তুতি পর্যবেক্ষণের অংশ হিসেবে ফিফা সভাপতি বর্তমানে ব্রাজিলে অবস্থান করছেন। আগামী বছরের জুন-জুলাইয়ে ব্রাজিলের আটটি শহরে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। এই সফরের ফাঁকেই ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি সামির শৌদ গত বছরই জানিয়েছিলেন, ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে চায় তাদের দেশ। এবার সেই আগ্রহ আনুষ্ঠানিক প্রস্তাবের মাধ্যমে ফিফার সামনে তুলে ধরা হলো।
নতুন ফরম্যাটে বড় পরিসরে ক্লাব বিশ্বকাপের প্রথম আসর গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। ওই টুর্নামেন্টের জন্য কোনো বিডিং প্রক্রিয়া ছিল না, ফিফা নিজেই স্বাগতিক দেশ নির্বাচন করেছিল। তবে ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপের স্বাগতিক কীভাবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ফিফা।
এরই মধ্যে ২০২৯ ক্লাব বিশ্বকাপের জন্য ব্রাজিলের একটি দল নিশ্চিত হয়ে গেছে। গত বছরের কোপা লিবার্তাদোরেস শিরোপা জিতে ফ্ল্যামেঙ্গো পরের ক্লাব বিশ্বকাপে খেলার টিকিট কেটে রেখেছে।