এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৬, ০১:০১ পিএম
ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর প্রায় আট শতাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। অভিনয়ের পাশাপাশি সময়ের ট্রেন্ড মেনে বিভিন্ন শোরুম ও ব্র্যান্ড উদ্বোধনেও নিয়মিত দেখা যাচ্ছে এই অভিনেতাকে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর উত্তরায় একটি লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন মিশা সওদাগর। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্র্যান্ড প্রমোশন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।
মিশা জানান, ব্র্যান্ড ওপেনিংয়ে তার চাহিদা থাকলেও বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পেলেও অনেক ক্ষেত্রেই তিনি সাড়া দেননি। এবারই প্রথম কোনো সিগনেচার লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনে অংশ নিয়েছেন তিনি। এর পেছনে কারণ হিসেবে তুলে ধরেন ব্র্যান্ডটির সততা ও বিশ্বাসযোগ্যতার কথা।
ব্র্যান্ড উদ্বোধনের ফাঁকেই আলোচনায় আসে ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানান মিশা সওদাগর। তার মতে, সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল। রাজনৈতিক বিভিন্ন ইস্যুর কারণে বর্তমানে এই অলরাউন্ডার দেশের বাইরে অবস্থান করছেন বলেও উল্লেখ করেন তিনি।
মিশা সওদাগর বলেন, সংস্কৃতির সঙ্গে রাজনীতিকে এক করে দেখা ঠিক নয়। রাজনীতির প্রভাব যদি সংস্কৃতির ওপর পড়ে, তাহলে ক্ষতিগ্রস্ত হয় সংস্কৃতিই।
তিনি আরও বলেন, যাদের মেধা ও যোগ্যতা আছে, তারাই জাতীয় দলে সুযোগ পাবে। ক্রিকেট আর রাজনীতিকে একসঙ্গে মেলানো যায় না।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিনোদন জগতের তারকাদের মধ্যে ব্র্যান্ড প্রমোশনে যুক্ত হওয়ার প্রবণতা দ্রুত বাড়ছে। ঢাকাই সিনেমার কিং শাকিব খান থেকে শুরু করে শবনম বুবলী ও অপু বিশ্বাসের মতো জনপ্রিয় শিল্পীদেরও এখন নিয়মিত বিভিন্ন ব্র্যান্ডের প্রচারে দেখা যাচ্ছে।