এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৬, ০১:০১ পিএম
"আইপিএল ও বিগ ব্যাশের পর সেরা লিগ বিপিএল"—এই দাবি করেছিলেন তখনকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তখন থেকেই সমালোচনার শিকার হন তিনি, কারণ বিপিএল তখনও শীর্ষ লিগের কাতারে পৌঁছায়নি। এরপর থেকেই যেন মানের দিক দিয়ে ক্রমাগত নিচের দিকেই নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবার তো এক লজ্জাজনক তকমা জুটে গেল লিগটির কপালে। বিশ্বের 'সবচেয়ে বাজে' লিগ হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে দেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগ।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্বীকৃত ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অবস্থান সবচেয়ে নিচে, অর্থাৎ দশ নম্বরে। সম্প্রতি ব্রিটিশ ক্রিকেট ম্যাগাজিন 'দ্য ক্রিকেটার' এই তথ্য প্রকাশ করেছে।
বিপিএল বিশ্বের দ্বিতীয় প্রাচীন ফ্র্যাঞ্চাইজি লিগ হলেও জনপ্রিয়তা তো দূরের কথা, এর মান ক্রমাগত অবনতির দিকেই যাচ্ছে। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বিপিএল আন্তর্জাতিক মিডিয়ার নজর এড়ায় না, সেটাই আবারও প্রমাণ হয়ে গেল 'দ্য ক্রিকেটার'-এর এই পর্যালোচনায়। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ওপর চালানো এই জরিপে সবচেয়ে নিচের স্তরের লিগ হিসেবে চিহ্নিত হয়েছে বিপিএল।
চারটি মাপকাঠির ভিত্তিতে এই র্যাংকিং তৈরি করেছে ম্যাগাজিনটি। সেগুলো হলো: বিনোদন মূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক অবস্থান। দশটি লিগের মধ্যে করা এই মূল্যায়নে বিপিএল প্রথম তিনটি ক্যাটাগরিতেই রয়েছে সবচেয়ে নিচে, অর্থাৎ দশ নম্বরে। শুধু গ্রহণযোগ্যতা বা স্থায়িত্বের দিক দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০-এর অবস্থান দশম, আর বিপিএল নবম।
'দ্য ক্রিকেটার' স্পষ্ট করে জানিয়েছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণেই সবচেয়ে কম রেটিং পেয়েছে শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং বাংলাদেশের বিপিএল। তাদের ভাষায়, "সবচেয়ে নিচের দুটি টুর্নামেন্ট হলো এলপিএল এবং বিপিএল, যেগুলোর সঙ্গেই আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওতপ্রোতভাবে জড়িত।"