ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গোয়েন্দাদের গোপন রিপোর্ট! ট্রাম্পকে জানানো হলো, ইরান সরকার 'নড়বড়ে', আগ্রাসনের ছক জোরদার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৬, ০১:০১ পিএম

গোয়েন্দাদের গোপন রিপোর্ট! ট্রাম্পকে জানানো হলো, ইরান সরকার 'নড়বড়ে', আগ্রাসনের ছক জোরদার

ইরানের ইসলামিক সরকার এখন নড়বড়ে এবং দুর্বল হয়ে পড়েছে—এমন একটি গোয়েন্দা রিপোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে বলে দাবি করেছে নিউইয়র্ক টাইমস। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে তারা এই বিস্ফোরক তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের সরকারের উপর নিয়ন্ত্রণ এটাই সবচেয়ে দুর্বল সময়। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের মূল্যায়ন বাস্তবতার চেয়ে ওয়াশিংটনের রাজনৈতিক লক্ষ্যগুলোকেই বেশি প্রকাশ করে।

এই গোপন গোয়েন্দা তথ্য ট্রাম্পকে জানানো হয়েছে ঠিক এমন সময়, যখন তিনি ইরানের ওপর সরাসরি সামরিক হামলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকেই ট্রাম্প প্রকাশ্যে হামলার হুমকি দিচ্ছেন। কিছু সময়ের জন্য হয়তো নরম সুর ধারণ করলেও, সাম্প্রতিক কার্যক্রমে তিনি আবারও সেই আক্রমণাত্মক অবস্থানে ফিরে গেছেন।

গোয়েন্দারা আরও দাবি করেছেন যে, ইরানের বর্তমান অর্থনৈতিক অবস্থা 'ঐতিহাসিকভাবেই খারাপ' পর্যায়ে আছে। এই তথ্যকে সামনে রেখে তারা মনে করছে যে সরকারের অবস্থান আরও দুর্বল হয়ে গেছে। অবশ্য, তেহরানের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে বাইরের চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও রাষ্ট্রীয় কাঠামো পুরোপুরি অটুট রয়েছে।

এসব হুমকি-ধামকির মধ্যেই মঙ্গলবার মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। এর সঙ্গে রয়েছে আরও কয়েকটি যুদ্ধজাহাজ, যেগুলোতে টমাহকসহ আধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা আছে।